ঘিওরে গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৭

মানিকগঞ্জের  ঘিওর উপজেলার ঠাকুরকান্দী পশ্চিমপাড়ায় সুমাইয়া আক্তার (৪০) নামের এক মাদ্রাসা শিক্ষিকার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত শিক্ষিকা ঘিওরের ঠাকুরকান্দি গ্রামের মোস্তাক আহমেদের স্ত্রী।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার ঠাকুরকান্দী পশ্চিমপাড়া জবেদা খাতুন দারুল উলুম মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। তার স্বামী মোস্তাক আহমেদ ঘিওর থানাধীন বাইলজুরি বাজারে পোলট্রি ফিডের ব্যবসা করেন।

সুমাইয়া আক্তারের স্বামী মোস্তাক আহমেদ জানান, রাতে দোকান থেকে বাড়ি ফিরে তিনি স্ত্রীকে ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় বাড়ির দক্ষিণ-পূর্ব কোণের বাথরুমের সামনে সুমাইয়া আক্তারকে গলা কাটা ও রক্তাক্ত অবস্থায় উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। তাকে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘিওর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রাত আট-নয়টার দিকে শিক্ষিকা সুমাইয়া আক্তারকে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

তিনি আরও বলেন, এ ঘটনায় প্রতিবেশী আলী হাসান খন্দকারের ছেলে বাপ্পি খন্দকার (১৮)কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। বুধবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি এবং জড়িতদের সনাক্তের কাজ চলছে।

ইত্তেফাক/এএইচপি