নোভারটিসের শেয়ার হস্তান্তর বিষয়ে তদন্ত চাওয়া রিট কার্যতালিকা থেকে বাদ

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬

বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়ের করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার এ তথ‍্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, নোভারটিস বাংলাদেশ লিমিটেডের শেয়ার হস্তান্তর সংক্রান্ত রিট মামলার বিষয়ে দুদকের আইনজীবীর তদন্ত কার্যক্রম গ্রহণের আশ্বাসে প্রথমে এক মাসের জন্য মামলাটির কার্যক্রম মুলতবি করেছিলেন বিচারপতি এ, কে, এম, আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। তবে, মাত্র এক সপ্তাহের মধ্যে কয়েকজন প্রভাবশালী সিনিয়র আইনজীবী প্রভাব খাটানোর কারণে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়। আদালত তাদের উপস্থিতিতে শুনানি শেষে মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন। বর্তমানে মামলাটি বিচারপতি মো. খায়রুল আলম এবং বিচারপতি কে, এম, ইমরুল কায়েশের নেতৃত্বাধীন অন‍্য আরেকটি হাইকোর্ট বেঞ্চে মোশন শুনানির জন্য ধার্য রয়েছে।   

‘এক মাসের জন্য আদালত বিষয়টি মূলতবি রাখলেও রেডিয়েন্টের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী বি এম ইলিয়াস কচি ও ব্যারিস্টার সাজ্জাদ হায়দার মামলাটি আবারও শুনানির জন্য ৫ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট বেঞ্চে নিয়ে আসলে আদালত মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেন।’

আদালতে রেডিয়েন্টের পক্ষে শুনানিকালে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, অ‍্যাডভোকেট বি এম ইলিয়াস কচি, অ‍্যাডভোকেট সাকলাইন, ব্যারিস্টার সাজ্জাদ হায়দারসহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অন্য নেতারা উপস্থিত ছিলেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ‍্যাটর্নি জেনারেল অনিক আর হক। 

এ বিষয়ে রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বলেন, ‘ঝিনাইদহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের মাধ্যমে জানতে পারি, রেডিয়েন্টের মালিক নাসের শাহরিয়ার জাহেদী মহুল বিগত সরকারের একজন দোসর এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি ও ডামি এমপি নাসের শাহরিয়ার জাহেদী মহুল বর্তমানে সালমান এফ রহমানের অবর্তমানে আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করছেন এবং অতীতে এই একই কায়দায় শেয়ার হস্তান্তরের নামে অনেক টাকা এই চক্রটি পাচার করেছে।’   

তিনি আরও বলেন, ‘বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে জনস্বার্থে রিট করেছিলাম এবং দুদকের আইনজীবীর তদন্তের আশ্বাসে আদালত এক মাসের জন্য মামলাটি মূলতবি করেন। আদালতে এই বিষয়টিকে প্রতিহত করতে অপ্রত্যাশিতভাবে আওয়ামী দোসরদের পক্ষে আমাদের সিনিয়র নেতারা যেভাবে উপস্থিত হয়েছেন, এতে আমি বিস্মিত ও বিব্রত হয়েছি।’

প্রসঙ্গত, এর আগে নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়। 

নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়ে রিট পিটিশন দায়ের হলে, শুনানির সময় দুদকের আইনজীবী আদালতকে জানান— তারা এক মাসের মধ্যে বিষয়টি তদন্ত করে রিপোর্ট জমা দেবেন। এতে আদালত সন্তুষ্ট হয়ে দুদকের রিপোর্ট জমা দেওয়া পর্যন্ত এক মাসের জন্য মামলাটি মুলতবি রাখার নির্দেশ দেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

ইত্তেফাক/এএম