মো. লুত্ফুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
‘নির্মলো করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে’—এ বাণী ধারণ করে প্রতিবিম্ব থিয়েটার কুমিল্লার ৩৩ বছরপূর্তি ও ৩৪ বছরে শুভযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী নানা উত্সব পালন করা হয়েছে। উত্সবকে প্রাণবন্তু ও দৃষ্টিনন্দন করতে টাউন হল মাঠসহ এর আশেপাশে রঙ-বেরঙের বেলুন, ব্যানার, ফেস্টুন দিয়ে সাজানো হয়। বাংলাদেশ গ্রুপ থিয়েটারভূক্ত দল ‘প্রতিবিম্ব থিয়েটার’ গত ১৪ জুলাই দিনব্যাপী উত্সবের সকালে কুমিল্লা টাউন হলে প্রতিবিম্বের পুরাতন ও নতুন সদস্যদের মিলনমেলা হয়। এ সময় প্রতিবিম্বসহ বিভিন্ন সংগঠনের নাট্যকর্মীরা একে অপরের সঙ্গে স্মৃতিচারণে উত্সবের আমেজে মেতে ওঠেন। বিকেলে ঢোল, তবলা, কাশা, বাঁশি ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে নাট্য ও সংস্কৃতিকর্মীদের নাচ-গানে উত্সব স্থান মুখরিত হয়ে ওঠে। পরে প্রতিবিম্বের সভাপতি নাট্যগুরু শাহজাহান চৌধুরীর নেতৃত্বে নগরীতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে এসে শেষ হয়। এরপর প্রতিবিম্বের ৩৪তম জন্মদিনের কেক কাটেন অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, ড. আলী হোসেন চৌধুরী, নাট্যজন অধ্যাপক সমির মজুমদার প্রমুখ। এ সময় নাট্যজন অভিজিত্ সিনহা মিঠু, ফরিদ উদ্দিন সিদ্দিকী, নিজাম উদ্দিন দুলাল, কালচারাল অফিসার আয়াজ মাবুদ, নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রের সহকারী পরিচালক আল-আমিনসহ প্রতিবিম্বের সদস্য ও বিভিন্ন নাট্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর আলোচনা সভা শেষে শুরু হয় জাহেদুল আলম রচিত ফারহানা আহমেদ ও নন্দন ভৌমিক নির্দেশিত প্রতিবিম্বের রম্য নাটক ‘হোম সার্ভিস’। নাটকটিতে অভিনয় করেন নন্দন, নিহা, পূজা, রাশেদ, সায়েম, মাহমুদুল, চৈতিসহ অনেকে।
