একই গানে আঁখি আলমগীর ও তানভীর শাহিন

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৯:৩৭

বিনোদন রিপোর্ট

 

আমাদের দেশে একই লিরিকে একই সুরে দুই পৃথক শিল্পীর গান প্রকাশ হয়েছে হাতেগোনা। এর আগে আইয়ুব বাচ্চুর সুরে ‘তারা ভরা রাতে’ গানটি প্রথমে গেয়েছিলেন আলম আরা মিনু। পরবর্তীতে আইয়ুব বাচ্চু তাঁর নিজের সুরটি স্বকণ্ঠে একটি মিক্সড অ্যালবামের জন্য প্রকাশ করেছিলেন।

তবে এবার দেশের দুই বরেণ্য সুরকার-গীতিকার জুটি আলাউদ্দিন আলী ও গাজী মাজহারুল আনোয়ারের কথায় একই গান দুই কণ্ঠশিল্পীর কণ্ঠে মুক্তির রেকর্ড গড়ছে। শিল্পী দু’জন হলেন তানভীর শাহিন ও আঁখি আলমগীর। গানটি এরই ভেতরে তানভীর শাহিনের কণ্ঠে রিলিজ হয়েছে। মূলত তানভীর শাহিনের কণ্ঠে গানটি শুনেই শিল্পী আঁখি আলমগীর গানটি গাওয়ার জন্য অনুরোধ করেন এবং এরই ভেতরে তানভীর শাহিনের কাছ থেকেও অনুমতি নিয়ে নিয়েছেন। শুধু তাই নয়, গাজী মাজহারুল আনোয়ারের কাছ থেকে লিরিকের কিছু প্রাসঙ্গিক পরিবর্তনও করিয়ে নিয়েছেন আঁখি আলমগীর।

তানভীর শাহিন বলেন, ‘তন্বি তনুকা গানটি আমার খুবই প্রিয় একটি গান। আমার নিজের ভেতরে দীর্ঘদিন লালন করা একটি গান। আলাউদ্দিন আলী স্যারকে আমি বাবা বলে সম্বোধন করি। বাবা আমার জন্য উপহারস্বরূপ এই গানটি সুর করেছিলেন। এরপর দীর্ঘদিন গানটি আমি বিভিন্ন স্টেজ শোতে গেয়েছি। এখনো গাই এবং এই গানটি গাইলে দর্শকদের যে উচ্ছ্বাস তা দেখার মতো। আসলে গানটির রূপকার দু’জনই তো আমাদো দেশের সম্পদ। এদিকে আঁখি আলমগীরও স্টেজ মাতানো শিল্পী তাই তিনি যখন আমার কাছে অনুরোধ করলেন আমি তাঁকে অনুমতি দিই। হয়তো এমনও হতে পারে গানটির কোনো একটি ডুয়েট ভার্সন রিলিজ দেবো কোনো এক সময়। এছাড়া স্টেজেও একসঙ্গে গাইতে পারি আমরা।’

আঁখি আলমগীর বলেন, ‘গানটির সুর আর কথা এত অসাধারণ যে, শুনলেই যে কারো মনে দোলা দেবে। গানটি তানভীর শাহিনের কণ্ঠে প্রথম শুনে আমিও গুণগুণ করতে থাকি। সেই থেকে ভাবি যে, আমি আমার মতো একটি কম্পোজিশনে গাইলে কেমন হয়। সেই ভাবনা থেকেই গানটি আবার নতুন করে কম্পোজিশন হচ্ছে। খুব শিগগিরই গানটির একটি ফিমেল ভার্সন রিলিজ হবে বলতে পারেন। কারণ প্রথম লিরিকটি ছিল পুরুষ কণ্ঠের জন্য। আশা করছি গানটি এভাবেই শ্রোতাদের ভেতরে রয়ে যাবে তাঁদের ভালোলাগা ভালোবাসায়।’