রাজধানীর উত্তরখান হেলাল মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক। এ সময় নকশাবহির্ভূত কয়েকটি ভবনের আংশিক অপসারণসহ জরিমানা করা হয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।
তিনি বলেন, ঢাকাকে বাসযোগ্য করার জন্য রাজউক কাজ করে যাচ্ছে। সেই পদক্ষেপ অনুযায়ী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন- ২/১ আওতাধীন উত্তরখান হেলাল মার্কেট এলাকায় বাছাদ বেপারী রোডে রাজউক নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এ সময় নকশাবহির্ভূত সাতটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিকভাবে দুটি ভবনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া বাকি অংশ নিজ উদ্যোগে ভেঙে অপসারণ করবেন মর্মে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন ভবন মালিকপক্ষ।
এছাড়াও কয়েকটি ভবনের মালিক রাস্তায় জায়গা দখল করে তৈরি র্যাম্প অপসারণ করা হয়।
অভিযানে ছিলেন রাজউক জোন- ২/১ এর পক্ষে অথরাইজড অফিসার প্রকৌশলী মো. আবিল আয়াম, সহকারী অথরাইজড অফিসার সাজ্জাদ হোসেন, প্রধান ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্য কর্মকর্তারা।
