মরগ্যানের ভবিষ্যত্ তার হাতে

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:৫৬

স্পোর্টস রিপোর্টার

২০২৩ বিশ্বকাপ আসতে আসতে এউইন মরগ্যানের বয়স হয়ে যাবে ৩৬। টানা তৃতীয় বিশ্বকাপে তার অধিনায়ক থাকার সম্ভাবনা খুব কম। ইংল্যান্ড যেহেতু এখন থেকেই পরের বিশ্বকাপ নিয়ে কাজ শুরু করবে, তাই প্রশ্ন উঠেছে বিশ্বকাপ জয়ী অধিনায়ক তার পদ থেকে এখনই সরে দাঁড়াবেন কি না। আবার আরেকপক্ষের মতো হলো অন্তত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সীমিত ওভারের অধিনায়কত্ব করে যাওয়া উচিত মরগ্যানের।

এই অবস্থায় ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কিছুদিন আগে দায়িত্ব ছাড়া ক্রিকেট পরিচালক অ্যান্ড্রু স্ট্রাউস বলেছেন, মরগ্যানকে নিজেকেই সিদ্ধান্ত নিতে হবে যে, তিনি কী করবেন। নিজের ভবিষ্যত্ নিয়ে মরগ্যানই সবচেয়ে ভালো বুঝবেন বলে স্ট্রাউসের ধারণা।

ক্যান্সারে প্রয়াত স্ত্রী রুথের নামে ‘রুথ স্ট্রাউস ফাউন্ডেশন’ দিবস পালন করতে গিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন স্ট্রাউস। সেখানে বলেছেন, একটা প্রশ্ন হতে পারে যে, মরগ্যান আর কী অর্জন করতে পারেন। তারপর সাবেক এই টেস্ট তারকা বলেছেন, এই প্রশ্ন মরগ্যান নয়, বর্তমান দলের সবার জন্য সত্যি। তারপরও এদের আরো ভালো কিছু অর্জনের জন্য লড়তে হবে, ‘তার (মরগ্যান) জন্য বড় প্রশ্ন হলো, সে আর কী অর্জন করতে চায়। কারণ, মনে হচ্ছে, সে এভারেস্ট জয় করে ফেলেছে। কিন্তু এটা তো তার একার জন্য নয়, সব খেলোয়াড়ের জন্য প্রশ্ন। আমরা এর আগে এই ধরনের ভুল করেছি। অ্যাশেজ জিতেছি বা এক নম্বর দল হয়েছি। তারপর ভেবেছি, আর কিছু করার নেই। কিন্তু আমাদের আসলে এটাকে একটা শুরু হিসেবে ভাবার পথ তৈরি করতে হবে। এরপর আরো বড়ো, আরো ভালো কিছু অর্জনের বিরাট চ্যালেঞ্জ নিতে হবে।’

স্ট্রাউস মনে করেন, মরগ্যানের এখন প্রয়োজনে নিজেকে সময় দেওয়া উচিত। নিজে ভেবে বের করা উচিত যে, তিনি অধিনায়কত্ব চালিয়ে যাওয়ার মতো অনুপ্রাণিত আছেন কি না, ‘সে যদি নিজের অবস্থা নিয়ে খুব পরিষ্কার থাকে, তাহলে ভালো কথা। নইলে আমি অবশ্যই আশা করব যে সে কিছুটা সময় নিক, তারপর চিন্তা করুক যে, সে এটা চালিয়ে যেতে চায় কি না। তার অধিনায়ক হিসেবে থাকতে গেলে অনুপেক অনুপ্রাণিত থাকতে হবে এবং এই দলটাকে নতুন লক্ষ্যে চালিয়ে নিয়ে যেতে হবে। এই কাজটা সে গত চার বছর ধরে করেছে। সে যদি এটা করতে চায়, তাহলে তো অসাধারণ। কারণ, আমরা দেখেছি যে, সে কতো ভালো অধিনায়ক।’

অবশ্য মরগ্যানের ডেপুটি জস বাটলার মনে করেন, মরগ্যানের অধিনায়কত্ব ছাড়ার কোনো কারণই নেই। তিনি কয়েকদিন আগে বলেছেন, ‘ওর এখনো অনেক প্রাণশক্তি আছে। আমি আশা করি, ও চালিয়ে যাবে। সে অসাধারণভাবে কাজটা করছে। আমরা এখন পর্যন্ত যত অধিনায়ক পেয়েছি, ও সেরা। আমরা সবাই ওর অধীনে খেলতে ভালোবাসি।’

অবশ্য স্ট্রাউস বলেছেন, মরগ্যান কোনো কারণে না থাকলে বাটলারই অধিনায়ক হিসেবে প্রথম পছন্দ হওয়ার কথা, ‘আমি মনে করি, জস (বাটলার) অসাধারণ একজন ক্রিকেটার। সে মানুষ হিসেবেও খুব ভালো। সে খেলাটা খুব ভালো বোঝে। ফলে কোনো শূন্যতা তৈরি হলে সেই সবচেয়ে বড়ো প্রার্থী হবে।’