৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে দ্বিতীয় পর্বে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেল।
মৃতের নাম নাজমুল হোসেন (৭৫), তিনি বগুড়া জেলার শেরপুর থানার চকপাতালিয়া গ্রামের মৃত মজিবর পণ্ডিতের ছেলে। শুক্রবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। রাতে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম এই তথ্য জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার দিদার তরফদার (৫৫) নামের এক মুসল্লির মৃত্যু হয়। দিদার খুলনা জেলা সদরের লবণচড়া থানার বাঙালগলি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে।
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এই পর্বে অংশ নিচ্ছেন তাবলিগ জামাতের একাংশের মুরব্বি মাওলানা সা’দ কান্ধলভির অনুসারীরা। শুক্রবার রাতে দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবেবরাত পালন করেন। আগামী ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

