গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ রাজু (নাম) নামে হত্যা মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার হালিমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাজু পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ গ্রামের আয়নাল হকের ছেলে।
সিনিয়র জেল সুপার হালিমা আক্তার জানান, কারাগারের শৌচাগারের দরজার সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন রাজু। পরে দায়িত্বে থাকা কারারক্ষীরা তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
