সেনাবাহিনী প্রণীত সংবিধান পরিবর্তন করতে চায় সু চির দল
রয়টার্স
মিয়ানমারে সেনাবাহিনী প্রণীত সংবিধান সংশোধন করতে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) নেওয়া উদ্যোগের পক্ষে সমর্থন জানিয়ে বুধবার ইয়াঙ্গুনে সমাবেশ করেছে কয়েকশ মানুষ। একই দিন সংবিধান সংশোধনের বিরোধিতা করে পালটা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সংবিধান সংশোধনের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে কর্মীরা মাথায় লাল রঙের কাপড় পরে ইয়াঙ্গুনের রাস্তায় নামেন। ঐ লাল কাপড়ে লেখা ছিল: ‘২০০৮ সালের সংবিধান সংশোধন করুন।’ বিক্ষোভের আয়োজক পিয়াই ফিয়ো জ বলেন, ‘বর্তমান সরকার সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে ২০০৮ সালের সংবিধান বহাল থাকার কারণে তা সম্ভব হচ্ছে না।’ মিয়ানমারের নিরাপত্তা বাহিনীগুলোর তদারকির দায়িত্ব নির্বাচিত নেতাদের হাতে ছেড়ে দেওয়ারও দাবি জানান তিনি।
কিয়াউ খিনে উয়িন নামে আরেক বিক্ষোভকারী বলেন, তিনি সংবিধান সংশোধনের পক্ষে বিক্ষোভ করছেন কারণ বিদ্যমান সংবিধানে দেশের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে সু চির ওপর নিষেধাজ্ঞা আছে। তাঁর অভিযোগ, ‘জোরপূর্বক’ এ সংবিধান আরোপ করা আছে। কিয়াউ আরো বলেন, ‘আমরা এমন একটি দেশ চাই যেটি জনগণের নির্দেশনায় পরিচালিত হবে’।
এদিকে বুধবার পালটা এক বিক্ষোভ ডাকে সংবিধান সংশোধন প্রস্তাবের বিরোধীরা। বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানিয়ে বিতরণ করা লিফলেটে বলা হয়েছে, ‘যারা তাদের বর্ণ ও ধর্মকে ভালোবাসেন’ তাদেরকে সংবিধান সংরক্ষণের উদ্যোগে যোগ দেওয়ার আহ্বান জানানো যাচ্ছে।
কথিত গণতান্ত্রিক উত্তরণের নামে মিয়ানমারে প্রকৃতপক্ষে সেনাশাসনই জারি রয়েছে। ২০০৮ সালে প্রণীত সংবিধান অনুযায়ী সংবিধান সংশোধনের যে কোনো প্রস্তাব পার্লামেন্টে পাস হতে হলে ৭৫ শতাংশের বেশি সমর্থন প্রয়োজন। অথচ দেশটির পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে। সু চির দল ন্যাশনাল এনএলডির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত সংবিধান সংশোধন করা। তবে ক্ষমতা গ্রহণের প্রায় তিন বছর পর এ বছরের ২৯ জানুয়ারি প্রথমবারের মতো দলটির পক্ষ থেকে সংবিধান সংশোধনের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়।
এ সংক্রান্ত প্রস্তাব আলোচনার জন্য গৃহীত হবে কি-না, এই বিষয়ে অনুষ্ঠিত ভোটাভুটিতে সেনাপ্রধানের নিয়োগকৃত ও অনির্বাচিত ২৫ শতাংশ সেনা এমপি এই প্রস্তাবের বিরোধিতা করেন। সেনাবাহিনী ভোটাভুটি বর্জন করলেও সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাবটি পার্লামেন্টে আলোচনার জন্য গৃহীত হয়।
