যশোর অফিস
যশোর জেলায় মাছচাষ উত্পাদনে অতীতের সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। বর্তমানে জেলার চাহিদার চেয়ে প্রায় চার গুণ বেশি মাছ উত্পাদন হচ্ছে। সারাদেশে মাছ উত্পাদনে যশোর জেলার অবস্থান বর্তমানে দ্বিতীয়। মাছচাষ ও রেণুপোনা উত্পাদনে এ সাফল্য অব্যাহত থাকলে অচিরেই মাছ উত্পাদনে যশোর জেলা শীর্ষস্থান অর্জন করবে বলে আশা মত্স্য কর্মকর্তাদের। জেলার উত্পাদিত মাছের মধ্যে রয়েছে রুই, কাতল, মৃগেল, বাগদা ও গলদা চিংড়ি, পাঙ্গাস, শিং, মাগুর ও কৈ মাছ ইত্যাদি। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত মাছ দেশের বিভিন্ন অঞ্চল ও ভারতসহ বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ২০১৮-১৯ অর্থবছরে বেনাপোল সীমান্ত দিয়ে শুধু ভারতে মাছ রপ্তানি করে রাজস্ব আয় হয়েছে ১০ লাখ ২৪ হাজার ৫০০ টাকা। তবে বিরূপ আবহাওয়ার কারণে এ অর্থবছরে রেণুপোনা উত্পাদন গত বছরের তুলনায় কম হয়েছে।
জাতীয় মত্স্য সপ্তাহ উপলক্ষে বুধবার সকালে যশোর জেলা মত্স্য অধিদপ্তরের উদ্যোগে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা মত্স্য কর্মকর্তা আনিছুর রহমান।
জেলা মত্স্য অফিসার আনিছুর রহমান বলেন, প্রশাসনিক দূরদর্শিতা এবং মাছচাষিদের অক্লান্ত পরিশ্রমে চলতি বছর এ জেলায় অতিরিক্ত মাছ উত্পাদন হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, যশোর জেলা মত্স্য অধিদপ্তরের বৃহত্তর যশোরের প্রকল্প পরিচালক হরেন্দ্রনাথ সরকার, উপ-পরিচালক মাহাবুবুর রহমান, সহকারী পরিচালক এসএম আশিকুর রহমান, সিনিয়র উপজেলা মত্স্য কর্মকর্তা বিশ্বজিত্ দেব প্রমুখ।
