জিমিকে বাদ দেওয়ার কথা জানতেন না ক্রীড়া উপদেষ্টা 

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০১

জাতীয় স্টেডিয়ামে শুরু হওয়া জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন করে ১০০ মিটার স্প্রিন্টে দ্রুততম মানব-মানবীকে পুরস্কার তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া উপদেষ্টা। সেখানেই সংবাদমাধ্যম হকির তারকা রাসেল মাহমুদ জিমির প্রসঙ্গ তুলে আনে। 

হকি ফেডারেশন জাতীয় হকি দল গঠন করতে খেলোয়াড় তালিকা তৈরি করছে। নিয়ম করেছে ৩২ বছরের খেলোয়াড় জাতীয় দলে খেলতে পারবেন না। হকি ফেডারেশন অদ্ভুত নিয়ম চালু করেছে। জিমিকে আটকানোর জন্যই এমন পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়। পৃথিবীর কোথাও বয়স দিয়ে খেলোয়াড়দের মান যাচাই করা হয় না। মান যাচাই হয় তার পারফরম্যান্স দিয়ে। কিন্তু হকি ফেডারেশনের বাইরে ভেতরে ষড়যন্ত্র করে জিমিকে বাদ দেওয়ার পরিকল্পনা করেছে বলে হকি অঙ্গনে গুঞ্জন।

বিষয়টি ক্রীড়া উপদেষ্টার কাছে জানানো হয়। অন্য এক সংবাদমাধ্যম ক্রীড়া উপদেষ্টাকে বলেন, 'অনুশীলনে নামার আগে খেলোয়াড়দের কুপার টেস্ট করা হবে। জিমিকে কুপার টেস্টের সুযোগটি পর্যন্ত দেওয়া হচ্ছে না। ৫৭ জন খেলোয়াড়ের তালিকা তৈরি করেছে ফেডারেশন। অথচ দেশের এক নম্বর খেলোয়াড় জিমির না নেই সেখানে। খেলাধুলার দুনিয়ায় পারফরম্যান্স বিচার করে আর বাংলাদেশ হকি ফেডারেশন নতুন আইন তৈরি করে, অপছন্দের খেলোয়াড়কে বাদ দেওয়া জন্য। হকি ফেডারেশনের কাছে দেশের স্বার্থের চেয়ে ব্যক্তি স্বার্থের বিষয়টি গুরুত্ব পায় বেশি। 

রাসেল মাহমুদ জিমির বিষয়টি মনযোগ দিয়ে শুনেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, 'আমি জানতাম না। শুনলাম। আমি হকি ফেডারেশনের সঙ্গে কথা বলব।' 

কিংসের অ্যারেনায় ফুটবল ম্যাচ, এটি দুঃখজনক 

দেশের এক নম্বর স্টেডিয়াম জাতীয় স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি সংস্কারের নামে পাঁচ বছর কাটিয়ে দিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়। ক্রীড়া প্রতিমন্ত্রী থাকাকালীন জাহিদ আহসান রাসেল স্টেডিয়ামের সংস্কার কাজ ধরেছিলেন। কিন্তু দায়িত্ব পালনকালীন কাজ শেষ করেননি। কাজ বাড়িয়েছেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ক্ষুব্ধ। তিনি জানিয়েছেন, যত সময় গেছে তাতে পাঁচ ছয় বছর কেটে গেছে। এর মধ্যে দুই-তিনটা স্টেডিয়াম বানিয়ে ফেলা যায়। 

তিনি বলেন, 'আমি দায়িত্ব পাওয়ার পর আমার কাছেও সময় বাড়ানো কথা বলেছিল, আমি সেটি দিইনি। ফুটবল মাঠ প্রস্তুত হয়ে গেছে বাফুফেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। ফ্লাড লাইটসহ আরও কিছু কাজ রয়েছে। হয়ে গেলে মার্চেই প্রস্তুত হয়ে যেতে পারে স্টেডিয়াম। তখন অন্যান্য অনুষ্ঠানসহ আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করা যাবে।' 

ক্রীড়া মন্ত্রণালয় জানতে পেরেছে এটি পুরোন স্টেডিয়াম, শক্তি বহন করার মতো প্রস্তুত না। তারপরও এটিকে সংস্কার করার নামে কাজ হাতে নিয়েছিলেন তখনকার ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। মন্ত্রণালয় মনে করছে কাজ ধরার আগে সম্ভাব্যতা যাচাই করা হয়েছিল সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। আসিফ বলেন, 'আমাদের লক্ষ্য ছিল সংস্কার কাজ বন্ধ না করে শেষ করা। কাজ বন্ধ করলে সমস্যা হতো। কারণ ফুটবল ফেডারেশনের খেলাগুলো আয়োজন করতে হচ্ছে কিংস অ্যারেনায় গিয়ে, যেটা অত্যন্ত দুঃখজনক।' 

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হতে কি কারণে দেরি হলো, কাজ শেষ হওয়ার খতিয়ে দেখার কথা জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। দুর্নীতির বিষয়ে তিনি বলেন, 'আমরা ফেডারেশনগুলোকে গত দুই বছরের অডিট রিপোর্ট দিতে বলেছি। যারা অডিট রিপোর্ট দেয়নি তাদের ফান্ড স্থগিত রয়েছে।' 

নীলফামারীতেও বাফুফের জন্য স্টেডিয়াম 

ক্রীড়া মন্ত্রণালয় চট্টগ্রামের এমএ আজীজ স্টেডিয়াম বাফুফেকে দিয়েছে ২৫ বছরের জন্য। এবার ক্রীড়া মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে নীলফামারীর স্টেডিয়াম দেবে বাফুফেকে। গতকাল জাতীয় অ্যাথলেটিকসের উদ্বোধন শেষে নীলফামারীর স্টেডিয়ামের বিষয়ে ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, 'নীলফামারীর স্টেডিয়াম বাফুফেকে বরাদ্দ দেব। যাতে উত্তরবঙ্গের আন্তর্জাতিক ফুটবল আয়োজন করা সম্ভব হয়। আশা করি অবকাঠামোগত অসুবিধা সেগুলো দূর হবে।'

ইত্তেফাক/জেডএইচ