স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেবকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার সকালে পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন ও নবজাতক হত্যার ঘটনায় মামলা না নেওয়ার অভিযোগে আব্দুল মোতালেবকে থানা প্রত্যাহার করে ১৬ জুলাইয়ের মধ্যে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়; কিন্তু উল্লিখিত সময়ের মধ্যে তিনি পুলিশ লাইনে না যাওয়ায় বুধবার তাকে পুনরায় স্ট্যান্ড রিলিজ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার মহিপাড়া গ্রামের শিমু ইয়াসমিন লিপি নামের অন্তঃসত্ত্বা এক নারীকে শারীরিক নির্যাতন করেন তার দুবাই প্রবাসী স্বামী সোহেল রানা। পরে ঐ নারীকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়। সেখানে অপারেশনের মাধ্যমে ঐ নারীর পেট থেকে প্রায় চার মাস বয়সি মৃত নবজাতক বের করা হয়।
এ ঘটনায় গত ২ জুলাই ভিকটিম দুর্গাপুর থানায় মামলা দায়ের করতে যান; কিন্তু দুর্গাপুর থানার ওসি আব্দুল মোতালেব তার মামলা রেকর্ড না করে অভিযোগটি এএসআই আজাদকে তদন্তের দায়িত্ব দেন। এরপর গত ১০ জুলাই থানায় সালিশি বৈঠকও ডাকেন। বৈঠকে ভিকটিমকে মীমাংসার জন্য ওসি আব্দুল মোতালেব ও এএসআই আজাদ চাপ দেন। ইতিমধ্যে ভিকটিমের স্বামী সোহেল রানা পুলিশের সহযোগিতায় ছুটি শেষের আগেই দেশ ত্যাগ করে কর্মস্থল দুবাই চলে যায়। এ ঘটনা জানাজানি হলে পুলিশ সদর দপ্তরের এক অফিস আদেশে ওসি আব্দুল মোতালেবকে দুর্গাপুর থানা থেকে প্রত্যাহার করে ১৬ জুলাইয়ের মধ্যে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়; কিন্তু উল্লেখিত সময়ের মধ্যে পুলিশ লাইনে হাজির না হওয়ায় ১৭ জুলাই পুনরায় তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়।
