চট্টগ্রামে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২১:২৮

চট্টগ্রাম অফিস

উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার ৬২.১৯ শতাংশ। গত বছর পাশের হার ছিল ৬২.৭৩ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৮৬০ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৬১৩ জন। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান এ ফলাফল জানিয়েছেন।

মাহবুব হাসান জানান, এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৮ হাজার ৯২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাশ করেছে ৬১ হাজার ৫২৩ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে মোট ২ হাজার ৮৬০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

এদিকে, ফলাফলের দিক থেকে সবচেয়ে ভালো করেছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৮৭৮ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৫৫ জন। ফলে জিপিএ-৫ এর ভিত্তিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের করা তালিকায় সবার ওপরে রয়েছে এই কলেজের নাম। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ এবং সরকারি সিটি কলেজের নাম। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে এবার ১ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।

তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, পঞ্চম স্থানে রয়েছে সরকারি মহিলা কলেজ, ষষ্ঠ স্থানে চট্টগ্রাম কমার্স কলেজ, ৭ম স্থানে ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ৮ম স্থানে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, ৯ম স্থানে পটিয়া সরকারি কলেজ এবং দশম স্থানে হাজেরা তজু কলেজ স্থান পেয়েছে।