ইত্তেফাক রিপোর্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, আন্দোলন করে খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়। তার মুক্তির দুটি পথের একটি আইনি প্রক্রিয়া, অন্যটি রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা। এর বাইরে আর কোনো পথ খোলা নেই।’ গণতন্ত্র অবরুদ্ধ দিবস উপলক্ষ্যে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘স্বপ্ন ফাউন্ডেশন’ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপির আন্দোলনের হুমকির জবাবে হানিফ আরো বলেন, ‘আন্দোলন সংগ্রামের হুমকি আওয়ামী লীগকে দিয়ে লাভ নেই। আওয়ামী লীগের জন্মই হয়েছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করে। সেই দলের বিরুদ্ধে আন্দোলনের হুমকি হাস্যকর।’
আয়োজক সংগঠনের সভাপতি রিয়াজউদ্দিন রিয়াজের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আওয়ামী লীগের উপদেষ্টা খন্দকার বজলুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্মেসি অনুষদের সাবেক ডিন অধ্যাপক আ ব ম ফারুক, বুয়েটের সহকারী অধ্যাপক সানিয়া বিনতে মাহতাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী প্রমুখ।
