বিয়ের বাজার করে বাড়ি ফেরার পথে বরসহ দুজন নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০১

বিয়ের বাজার শেষে বাড়ি ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে নূরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার ব্রাহ্মণডুরা এলাকার ছাবেদ আলীর ছেলে শাহ আলম (২৫) ও একই গ্রামের বেনু মিয়ার ছেলে তানভীর সোহেব (২২)। তারা সম্পর্কে চাচাতো ভাই। এর মধ্যে শুক্রবার শাহ আলমের বিয়ের দিন ধার্য ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ ফেব্রুয়ারি শাহ আলম ওরফে বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। বুধবার বিয়ের বাজার করতে শাহ আলম ও তার চাচাতো ভাই সুয়েম মিয়া শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার করতে যান। সন্ধ্যায় ফেরার পথে তাদের মোটরসাইকেলকে চাপা দেয় অজ্ঞাত একটি গাড়ি। এতে ঘটনাস্থলেই নিহত হন তানভীর সোহেব। পরে সিলেট হাসপাতালে নেওয়ার পথে শাহ আলমের মৃত্যু হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, বুধবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ শহরে বিয়ের বাজার শেষে ফেরার পথে দুই যুবকের মৃত্যু হয়েছে। অজ্ঞাত একটি গাড়িচাপায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। 

 

 

ইত্তেফাক/এপি