সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন আমজাদ হোসেন নামের এক যাত্রী। দুর্ঘটনায় তার বাম হাত কাটা পড়েছে।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পৌনে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম আমজাদ হোসেন। তিনি নওগাঁ জেলার আত্রাই থানার বাসিন্দা। দ্রুতযান এক্সপ্রেসে করে ঢাকায় তিনি যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দ্রুত যান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে পৌঁছালে প্ল্যাটফর্মে কেনাকাটার জন্য নামেন আমজাদ হোসেন। এসময় তার মোবাইলে কল আসে। পরে ট্রেনটি ছেড়ে দিলে কেনাকাটা না করেই ফোনে কথা বলতে বলতে চলন্ত ট্রেনে ঠার চেষ্টা করেন। একপর্যায়ে হাত ফসকে পড়ে যান তিনি। এসময় তার বাম হাত থেতলে গিয়ে প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে বিকেল ৩টা ৪৫ মিনিটে পৌঁছায়। এসময় এক যাত্রী প্ল্যাটফর্মে নেমে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি আমরা ফায়ার সার্ভিস ও রেলওয়ে থানাকে জানিয়েছি।
