ইত্তেফাক রিপোর্ট
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান বিশ্বের শীর্ষ ২৫টি দেশের মধ্যে। যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যায়ও এখন বাংলাদেশ বিশ্বে নবম স্থানে। সর্বোপরি ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। গতকাল বুধবার আমেরিকান সেন্টারে মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘এডুকেশনইউএসএ’ টিম আয়োজিত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০১৯ ‘এডুকেশনইউএসএ প্রি-ডিপারচার’ ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা ৪ দশমিক ৯ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৯৬ জনে দাঁড়িয়েছে। ২০১৮ সালের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় বিষয়ক ‘ওপেন ডোরস’ রিপোর্টে আরো বলা হয়েছে, বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির হার আন্তর্জাতিক গড় ১ দশমিক ৫ শতাংশকে পেছনে ফেলেছে।
গত তিন বছরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল দশ লাখেরও বেশি। এই শিক্ষাবর্ষে এর সংখ্যা এগারো লাখ, যা একটি রেকর্ড। পরিসংখ্যান আরো বলছে, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি টানা বারো বছরের মতো অব্যাহত রয়েছে।
