বুড়িগঙ্গা থেকে লাশ উদ্ধার

‘আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে হত্যা করা হয় দুলাকে’

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২২:০৭

রাজধানীর বুড়িগঙ্গা থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে তাকে জুরাইন কবরস্থানে দাফনও করা হয়। কিন্তু এক কিশোরের তোলা অপহরণে ব্যবহূত মাইক্রোবাসের ছবির ওপর ভিত্তি করেই হত্যারহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। দুই জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ১৭ জুন চুনারুঘাট থেকে দুুলা মিয়াকে তারা অপহরণ করেন। তার চাচা বিজিবি সদস্য সাদেক মিয়ার নির্দেশ অনুযায়ী তাকে হত্যা করা হয়। অপর দুই পেশাদার খুনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নজরদারিতে রাখা হয়েছে বিজিবি সদস্য সাদেক মিয়াকে। গতকাল বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা।

আসামিদের স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি জানান, চুনারুঘাট উপজেলার দুলা মিয়া তার চাচা বিজিবি সদস্য সাদেক মিয়ার ৫ শতাংশ জমি ক্রয় করেন। জমিটির ওপর সাদেক মিয়ার লোভ ছিল। জমিটি পেতে তিনি ভাতিজার বিরুদ্ধে মামলাও করেন। কোনো ফল না পেয়ে তাকে হত্যার পরিকল্পনা করেন। ঢাকায় তার পরিচিত কিলারদের সঙ্গে কথা বলেন। পরিকল্পনা অনুযায়ী সাদেক মিয়ার ভাগনে আফরাজ মিয়ার সহযোগিতায় আসামিরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে অপহরণ করেন। ঘুমের বড়ি খাইয়ে গলায় দড়ি দিয়ে হত্যার পর লাশ বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়। ১৮ জুন পুলিশ মরদেহ উদ্ধার করে একটি হত্যা মামলা করে। ১৯ জুন দুলার ভাই ইদু তিন জনকে আসামি করে চুনারুঘাটে অপহরণ মামলা করেন।

পুলিশ সুপার জানান, বিভিন্ন টোল প্লাজার সিসি টিভির ফুটেজ সংগ্রহ করা হয়। সে সূত্র ধরে মাইক্রোবাসের চালক ভোলা জেলার লালমোহন থানার ইউসুফ সরদারকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করা হয় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মামুন মিয়াকে। তারা উভয়েই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভারাটিয়া খুনি কুমিল্লার চৌদ্দগ্রামের জসিম উদ্দিন ও বরিশালের গৌরনদীর শামীম সরদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে ৩০ জুন গ্রেফতার হন সাদেক মিয়ার ভাগনে আফরাজ মিয়া। পুলিশ সুপার জানান, সাদেক মিয়া ৫১ বিজিবিতে কর্মরত আছেন। তাকে নজরদারিতে রাখা হয়েছে। যেকোনো সময় গ্রেফতার করা হতে পারে। ধারণা করা হচ্ছে, এ ঘটনায় আরো কয়েক জনের সংশ্লিষ্টতা রয়েছে।