জামিনের ২৮ দিন পর ফের কারাগারে বাঘার তিন ইউপি চেয়ারম্যান

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১১

জামিনের ২৮ দিন পর আদালতে হাজিরা দিতে গিয়ে ফের আটক হয়েছেন রাজশাহীর বাঘা উপজেলার তিন ইউপি চেয়ারম্যান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঘার তিন ইউপি চেয়ারম্যান হলেন, বাঘা উপজেলার মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, গড়গড়ি ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম ও  চকরাজাপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুল আযম।

আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, দেশের চলমান প্রেক্ষাপটে দায়ের হওয়া বিভিন্ন মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার ২৮ দিন পর মঙ্গলবার দুপুরে রাজশাহী আদালতে হাজিরা দিতে যান ওই তিন ইউপি চেয়ারম্যান। এসময় আরও কয়েকজন আওয়ামী লীগ নেতা তাদের সঙ্গে ছিলেন। পরে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে বাঘা থানা পুলিশ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা নাজমুল হোসেনকে বাঘার আশরাফপুর এলাকা থেকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে উপজেলার আশরাফপুর এলাকা থেকে বাঘা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান জানান, নাজমুল হোসেনের নামে থানায় তিনটি মামলা রয়েছে। এরমধ্যে দুটি মামলায় জামিন নিলেও একটি (বিস্ফোরক) মামলায় তিনি পলাতক ছিলেন। সেই মামলায় তাকে আটক করা হয়েছে।

ইত্তেফাক/এপি