দুই বছর পর প্রাথমিক নিশ্চয়নের টাকা ফেরত পেল মাভাবিপ্রবির ১৭২ শিক্ষার্থী

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫৩

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ১৭২ জন শিক্ষার্থীকে সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রাথমিক নিশ্চয়নের জন্য জমাকৃত ৫,০০০ টাকা ফেরত দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জানা যায়, ভর্তি প্রক্রিয়ার সময় গুচ্ছ পদ্ধতিতে প্রাথমিক নিশ্চয়নের জন্য এই টাকা চূড়ান্ত ভর্তি ফি-এর সাথে সমন্বয়ের কথা থাকলেও প্রশাসনিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি। ফলে শিক্ষার্থীরা চূড়ান্ত ভর্তি ফি পরিশোধের পাশাপাশি অতিরিক্ত ৫,০০০ টাকা প্রদান করতে বাধ্য হন। তৎকালীন প্রশাসন আশ্বাসেই সীমাবদ্ধ থাকলেও, দীর্ঘদিনেও অর্থ ফেরত পাননি শিক্ষার্থীরা। অবশেষে দুই বছর পর বর্তমান প্রশাসনের উদ্যোগে ৮টি বিভাগের ১৭২ জন শিক্ষার্থী তাদের প্রাপ্য অর্থ ফেরত পেয়েছেন। এতে শিক্ষার্থীদের প্রশংসায় ভাসছেন বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আসিফ আহসান হিরো বলেন, ‘আলহামদুলিল্লাহ, কিছুটা বিলম্ব হলেও আমরা আমাদের প্রাপ্য অর্থ ফিরে পেয়ে আনন্দিত। একসময় মনে হয়েছিল, হয়তো এই টাকা আর ফিরে পাব না। তবে বর্তমান উপাচার্য মহোদয়ের সঙ্গে যোগাযোগ করার পর তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন এবং তা বাস্তবায়নও করেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞ।’

প্রাথমিক নিশ্চয়নের টাকা ফেরত পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা। ছবি: ইত্তেফাক

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, তাদের খুশি আমাকে আনন্দিত করেছে। আমি যথাসাধ্য চেষ্টা করে এই টাকার ব্যবস্থা করেছি, কারণ এটি তাদের প্রাপ্য ছিল, যা বিশ্ববিদ্যালয় আগে দিতে পারেনি। আমাদের অ্যাকাউন্টস বিভাগসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে টাকাটি প্রদান করেছি। তারা যদি এতে খুশি হয়, তবে আমিও খুশি, কারণ তারা তাদের প্রাপ্যটুকু পেয়েছে।  যে বিশ্ববিদ্যালয়গুলো এখনও টাকা ফেরত দেয় নাই, তাদেরকেও অনুরোধ করছি সেটি ফেরত দেওয়ার জন্য।

ইত্তেফাক/এসএএস