রূপগঞ্জে চালক-হেলপারকে বেঁধে রেখে মালামালসহ কাভার্ড ভ্যান ছিনতাই

আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২৩:৫৮

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত মঙ্গলবার রাতে চালক ও হেলপারের হাত-পা বেঁধে রেখে এক টেক্সটাইল মিলের মালামালসহ একটি কাভার্ড ভ্যান ছিনতাই করে দুর্বৃত্তরা। পরে গতকাল বুধবার সকালে আশুলিয়ার বাইপাই ব্রিজ থেকে কাভার্ড ভ্যানটি খালি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ নূর নবী চৌধূরী জানান, মঙ্গলবার রাত ৯টার  দিকে কাভার্ড ভ্যানচালক রিপন ও হেলপার কামাল হোসেন গাজীপুরের কালিয়াকৈর থানার চন্দ্রা এলাকা থেকে টেক্সটাইল মিলের ৫০ লাখ টাকার মালামাল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। কাভার্ড ভ্যানটি রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ৩০০ ফিট সড়কের ভূঁইয়াবাড়ি ব্রিজ অতিক্রম করার সময় চারজন দুষ্কৃতকারী একটি পিকআপ ভ্যান দিয়ে কাভার্ড ভ্যানে গতিরোধ করে। এ সময় দুর্বৃত্তরা চালক রিপন ও হেলপার কামালকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে রেখে মালামালসহ কাভার্ড ভ্যানটি ছিনতাই করে নিয়ে যায়। এসময় হেলপার কামাল হোসেন বহু চেষ্টার পর হাত- বাঁধা অবস্থায় মোবাইল ফোনের মাধ্যমে মাস্টার ট্রেডিং অ্যান্ড এজেন্সি নামক একটি প্রতিষ্ঠানের ম্যানেজার মশিউর রহমানকে বিষয়টি জানায়। পরে তিনি তা রূপগঞ্জ থানায় জানান। বুধবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ আশুলিয়া এলাকার বাইপাইল ব্রিজ থেকে খালি কাভার্ড ভ্যান এবং এর ভেতর থেকে চালক ও হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় মিলের সিনিয়র এক্সিকিউটিভ নূর নবী চৌধূরী বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মালামাল উদ্ধার ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মনোনয়ন ফরম জমা

রূপগঞ্জের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ নির্বাচনের মনোয়ন ফরম জমা দিয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বাবু সুকুমারের কাছে মনোনয়ন ফরম জমা দেওয়া হয়।

নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা হলেন: ভিপি পদে সাইফুল ইসলাম তুহিন, মো. আবু ভুইয়া, নজরুল ইসলাম ও আমির হোসেন এবং জিএস পদে সাদিকুল ইসলাম সজীব ও শামীম ওসমান।