সুন্দরবনে বনরক্ষীদের ফাঁদে পাঁচ চোরাশিকারি, ট্রলার জব্দ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩২

সুন্দরবনের চরখালী এলাকায় অভিযান চালিয়ে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় বনরক্ষীদের হাতে আটক হয়েছেন ৫ চোরাশিকারি।এসময় একটি  ট্রলারসহ বিপুল পরিমাণ নাইলনের তৈরি হরিণধরা ফাঁদ জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তাদের আটক করা হয়। আটকরা হলেন- মিন্টু বিশ্বাস, বাদল বিশ্বাস, বিধান চন্দ্র, সুমন্ত ও মন্টু। তারা সবাই বরগুনার পাথরঘাটা এলাকার বাসিন্দা। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব সুন্দরবনের চরখালী এলাকায় অভিযানে শুরু করেন বগী ফরেষ্ট ষ্টেশন ও চরখালী ফরেষ্ট টহল ফাঁড়ির বনরক্ষীরা। এসময় হাতেনাতে পাঁচ শিকারিকে আটক করা হয়। পরে তদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি ট্রলার ও বিপুল পরিমাণ নাইলনের তৈরি ফাঁদ। 

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের বগী ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা মো. আ. সবুর বলেন, আটক শিকারিদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এপি