দুই বিষয় পরীক্ষা দিয়ে ‘এ’ পেয়েছেন নুসরাত, থামছে না মায়ের কান্না

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ০০:৩৩

ফেনীর সোনাগাজীতে আগুনে পুড়িয়ে হত্যা করা মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি আলিম পরীক্ষার অংশ নেওয়া দুইটি বিষয়ে ‘এ’ গ্রেড পেয়েছেন। যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর মাদ্রাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও তার সহযোগীদের হুমকি-ধমকি মাথায় নিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দুইটি পরীক্ষায় অংশ নেন নুসরাত। গতকাল বুধবার সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ফলাফল বিবরণীতে দেখা যায়, কোরআন মাজিদ, হাদিস ও উসুলে হাদিস পরীক্ষায় নুসরাত ‘এ’ গ্রেড পেয়েছেন।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. হুসাইন বলেন, এবার আলিম পরীক্ষায় নুসরাতসহ ১৭৫ শিক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে ১৫২ জন পাশ করেছে। নুসরাতসহ ২৭ জন ফেল করে। লেখাপড়ার প্রতি একটা মেয়ে কতটা মনযোগী আর আগ্রহী থাকলে এমন প্রতিকূল পরিস্থিতিতে পরীক্ষায় অংশ নেয়।

গতকাল ফল প্রকাশের পর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় এক হূদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। নুসরাতের সহপাঠীরা জানান, নুসরাতেরও পরীক্ষার রেজাল্ট নিয়ে আনন্দে থাকার কথা ছিল।

এদিকে, ফল প্রকাশের খবর পাওয়ার পর থেকে কান্না থামছে না নুসরাতের মা ও স্বজনদের। নুসরাতের মা শিরিনা আক্তার বলেন, আমার মেয়ে দুনিয়ার পরীক্ষায় পাশ করতে না পারলেও আখিরাতের পরীক্ষায় পাশ করবে।

উল্লেখ্য, ৬ এপ্রিল নুসরাতকে কৌশলে মাদ্রাসার ছাদে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় অগ্নিদগ্ধ নুসরাত মারা যান।