বিয়াম ফাউন্ডেশনে এসি বিস্ফোরণ, নিহত ১

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫২

রাজধানীর নিউ ইস্কাটনে বাংলাদেশ প্রশাসনিক সেবা সমিতি (বিয়াম) ফাউন্ডেশনের ভবনে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণে আব্দুল মালেক খান (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন ফারুক (৪০) নামের আরেক যুবক।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু এ তথ্য জানান।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বিয়াম ভবনের পঞ্চম তলায় এসি বিস্ফোরিত হয়ে ওই কার্যালয়ে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহতের ছোট ভাই সোহেল খান বলেন, তাদের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামে। তার ভাই মালেক বিয়াম কার্যালয়ের অফিস সহকারী ছিলেন। ওই কার্যালয়েই থাকতেন তিনি। গতকাল রাতে মালেক গাড়িচালক ফারুঘরের এসি বিস্ফোরিত হয়েছিল বলে জানতে পেরেছেন। 

এসআই মনিরুজ্জামান আরও জানান, আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক মালেককে মৃত ঘোষণা করেন। আর দগ্ধ ফারুক জাতীয় বার্ন ইনস্টিউটে ভর্তি রয়েছেন।
 
জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোরে নিউ ইস্কাটন থেকে একজন দগ্ধ হয়ে ইনস্টিটিউটে এসেছেন। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।

ইত্তেফাক/এসএএস