জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারীদের বিচারের দাবিতে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট : ০৫ মার্চ ২০২৫, ১৯:২৩

জুলাই গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার নিশ্চিতের দাবি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না। যার স্পষ্ট উদাহরণ, জুলাইয়ে হামলাকারী দুই ছাত্রলীগ সন্ত্রাসীকে জেলে বসে, হাসপাতালে বসে পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থানের এতদিন পরও ১৫ জুলাই আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলার বিচার হয়নি। শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় তড়িঘড়ি করে মামলা করতে পারলেও জুলাইয়ে হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত মামলা করতে পারেনি।’

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষার্থী (আইবিএ) ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, ‘গণঅভ্যুত্থানের পর যে প্রশাসন দায়িত্ব নিয়েছিল তাদের প্রথম কাজ ছিল জুলাইয়ে আন্দোলনকারীদের ওপর যেসব সন্ত্রাসীরা হামলা করেছিল তাদের বিচার নিশ্চিত করা। কিন্তু দুঃখজনক, যে প্রশাসন শহীদের রক্তের ওপর দিয়ে দায়িত্ব নিয়েছে, তারা গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না। অভ্যুত্থানের পর সাত মাস পার হলেও হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি প্রশাসন। আমরা যখনই প্রশাসনের কাছে বিচারের দাবি জানিয়েছি তখনই তারা তদন্ত কমিটি করে বিচারের নামে গড়িমসি করেছে। তারা বারবার তদন্ত প্রতিবেদনের সময় পিছিয়ে হামলাকারীদের বাঁচানোর চেষ্টা করেছে।’

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী  আরিফুজ্জামান উজ্জল, অর্থনীতি বিভাগের নকিব আল মাহমুদ অর্ণব, সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী নাহিদ হোসেন ইমন, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী কাজী মেহরাব, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি প্রমুখ।

ইত্তেফাক/এমএএস