পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে খলিল হাওলাদার (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চরইমারশন এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত খলিল হাওলাদার ওই ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের অদুদ হাওলাদের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে মাছ ধরার জন্য জাল নিয়ে বের হন খলিল। এ সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এক পর্যায়ে তার পাশে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি আলী আহম্মেদ বলেন, বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আরও পড়ুন: যৌতুক না পেয়ে মায়ের কাছ থেকে দুধের শিশু কেড়ে নিলো পাষণ্ড বাবা, মারা গেল শিশুটি
পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হেমায়েত উদ্দিন জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। নিহতের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
