নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীর সংশ্লিষ্টতার সন্দেহে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীকে র্যাব পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে কুমিল্লা কোতোয়ালি থানায় তাকে হস্তান্তর করলে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।
শুক্রবার (৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কোটবাড়ির চাঙ্গীনির মেস থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।
এদিকে তার বন্ধুরা জানান, গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ সরব ছিলেন তিনি।
ভুক্তভোগী শিক্ষার্থী হান্নান রহিম বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গণিত বিভাগের শিক্ষার্থী ও থিয়েটার কুবির সাধারণ সম্পাদক।
আজ শনিবার সকালে হান্নান রহিম একটি ভিডিও বার্তায় জানান, কোটা আন্দোলনে বিরোধিতাকারী আওয়ামীপন্থী শিক্ষক-শিক্ষার্থীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি সোচ্চার থাকায় একটি চক্র তাকে ফাঁসিয়ে দিয়েছে।
তিনি বলেন, ‘র্যাব সদস্যরা সাদা পোশাকে আমাকে গ্রেপ্তারের পর আমার হোয়াটসঅ্যাপ, ম্যাসেঞ্জার, ফেসবুক চেক করেন। তারা কোথাও আমার সাথে হিজবুত তাহেরির সংশ্লিষ্টটা পাননি। উল্টো ফেসবুকে সংগঠনটির বিরুদ্ধে দেওয়া স্ট্যাটাস দেখে তারা আমাকে নিঃশর্তে মুক্তি দেয়।’
তার ফেসবুকে পোস্টে পর্যবেক্ষণ করে দেখা যায়, তিনি হিজবুত তাহারীরের বিরোধীতা করে হান্নান তার ফেসবুকে লিখেন- ‘হিজবুত তাহরীর লীগ’, ‘হিজবুত তাহরীরকে প্রতিহত করুন। কাউকে জানা থাকলে প্রশাসনকে তালিকা দিয়ে সহযোগীতা করুন।’
কুমিল্লা কোতোয়ালি সূত্রে জানা যায়, ভুল অভিযোগের ভিত্তিতে তাকে তুলে এনেছে র্যাব-১১। পরে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তাকে বিশ্ববিদ্যালয় প্রক্টরের কাছে হস্তান্তর করে।
এই বিষয়ে র্যাব-১১ এর সঙ্গে কথা বলে জানা গেছে, তাকে হিজবুত তাহরীর সন্দেহে তুলে নেওয়া হয়েছে। র্যাবের কাছে ১০-১২ জনের একটা লিস্ট আছে যাদের আজকালের মধ্যে তুলে নেওয়া হবে।
এছাড়াও, কোতোয়ালি মডেল থানা সূত্রে জানা যায়, গতকাল হিজবুত তাহেরি সন্দেহে আরও দুই জন শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর সাথে যুক্ত থাকার অভিযোগে মামলা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
অভিযুক্ত দুইজন হলেন- এআইএস বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু তাহের সাগর এবং ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১৬তম ব্যাচের তৌকির আহাম্মেদ।
অভিযোগের ভিত্তিতে রাত ৯টার দিকে কুমিল্লার কান্দিরপাড় শহর থেকে ডিবি অফিসে নিয়ে যাওয়া হয় তাদের।
