‘ওয়েব সিরিজে চ্যালেঞ্জিং কিছু করতে চাই, যা আগে করিনি’

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২০:৩২

এ পর্যন্ত একাধিক নির্মাতা নানারকম আইডিয়ার ওয়েব সিরিজ নিয়ে এসেছেন। কিন্তু মৌটুসীর কথায়, ‘তাঁদের কাজের প্রতি স্বপ্নের কোনো অভাব ছিল না। কিন্তু সেটা কী করে বাস্তবায়ন করবে সেই প্ল্যান নেই। আর ওয়েব সিরিজ করছি বলে সেটাও ঢোল পেটাতে হবে এটা নিয়েও লজ্জাবোধ করছি। কিন্তু গত কয়েকদিন বিভিন্ন খবরে আমার প্রথম ওয়েব সিরিজের খবরে খানিক বিব্রত। হ্যাঁ, কাজটি করে খুবই ভালো লেগেছে। কিন্তু কেন এতদিন পর প্রথম ওয়েব সিরিজ। তার আসলে কোনো বিশেষ কারণ নেই। সবার সাথে স্ক্রিপ্ট নিয়ে বসলেই তো আর কাজ করা হয় না। এটিও তেমনি হয়নি। তবে আমার মতে ওয়েব সিরিজ যেহেতু সবচেয়ে ইন্ডিপেন্ডেন্ট মাধ্যম, তাই এখানে চ্যালেঞ্জিং কিছু করতে চাই। যা আগে করিনি।’

নিজের প্রথম ওয়েব সিরিজ প্রসঙ্গে এভাবেই অকপটে বললেন দেশের মেধাবী অভিনেত্রী মৌটুসী বিশ্বাস।

প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করছেন অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। মাসুদ হাসান উজ্জ্বলের পরিচালনায় নির্মিত ওয়েব সিরিজটির নাম ‘পাফ ড্যাডি’। ১০ পর্বের সিরিজটি নিয়ে বেশ উচ্ছ্বসিত মৌটুসী।

ওয়েব সিরিজটিতে মৌটুসীর চরিত্রের নাম কমলা। তিনি একজন স্ট্রিট ম্যাজিশিয়ানের সহকারী হিসেবে কাজ করেন। ম্যাজিশিয়ানের প্রতি ভক্তি, প্রেম ও মুগ্ধতার কারণে দর্শকদের সামনে তাঁকে অনেক ঝুঁকিপূর্ণ স্ট্যান্টও করতে দেখা যায়। পরে তাঁদের বিচ্ছেদ হয়। এভাবেই এগিয়ে যায় সিরিজের গল্প।