উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে শিরোপার অন্যতম দাবিদার ইংলিশ ক্লাব লিভারপুল। প্রতিটি ম্যাচে দুর্দান্ত থেকে মাঠ ছাড়ছেন আর্নে স্লর্টের শিষ্যরা। রাউন্ড ষোলোর প্রথম লেগে প্যারিসে স্বাগতিক পিএসজির বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ম্যাচটিতে 'হট ফেভারিট' ছিল সফরকারীরা। তবে ম্যাচে ডেম্বেলে, ভিতিনহদের একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ফেভারিটের তকমা গায়ে লাগিয়ে আসা লিভারপুল।
গোলবারে ২৭শর্ট নিয়েও দূর্ভেদ্য বেকারের কল্যাণে একটি বলও জালে জড়াতে পারেনি স্বাগতিকরা। উলটো ম্যাচের শেষ দিকে হার্ভে এলিয়টের গোলে ১-০ ব্যবধানে হারের ক্ষত নিয়ে মাঠ ছেড়েছে লুইস এনরিকের দল, যার কারণে ম্যাচ শেষে ফুটবলকে নির্মম বলেও আখ্যা দিয়েছেন এই স্প্যানিশ কোচ। ম্যাচটিতে ৭১ শতাংশ বল নিজেদের দখলে রেখেছিলেন স্বাগতিকরা।
তবে এখনই হার মানতে রাজি নন পিএসজি। দ্বিতীয় লেগের ম্যাচে ১১ মার্চ লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে মাঠে নামবে ফরাসি ক্লাবটি। দ্য রেডর্সদের মাঠে যে জয় নিয়ে মাঠ ছাড়া সহজ কথা নয়, সেটাও ভালো করে জানা আছে লুইস এনরিকের। তবে দ্বিতীয় লেগের ম্যাচে তাদের আত্মবিশ্বাস প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্স। ম্যাচটি নিয়ে পিএসজির মিডফিল্ডার ভিতিনহা বলেছিলেন, 'আমাদের সামর্থকদের প্রমাণ দিতে আমরা সেখানে যাচ্ছি। আমরা আমাদের সেরা খেলাটা খেলব এবং এবার আমরা গোল করবো। আমরা অবশ্যই এগিয়ে যাব, আমি নিশ্চিত।'
এছাড়াও অ্যানফিল্ডের ম্যাচ নিয়ে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচো বলেন, 'আমরা জানি, আমরা অ্যানফিল্ডে গোল করবো। আমাদের মাথা উঁচু করে রাখতে হবে। আমার দলের ওপর আমার আস্থা আছে। প্রথম লেগে আমরা যা করেছি, তা অবিশ্বাস্য। একটি গোল হজম করা ছিল দুর্ভাগ্য। আমরা ভুল করেছি কিন্তু ফুটবলে এই ঘটনা ঘটে। আমার মনে হয় যদি আমরা ভালো কিছু করতে করি, তাহলে আমরা সেখানে ভালো ফলাফল নিয়ে ফিরব।'
এছাড়াও ঘরের মাঠে এমন ম্যাচ নিয়ে আশরাফ হাকিমি বলেন, 'আমরা এমন ভাবে ম্যাচ হেরেছি, যা হতাশাজনক। আমরা আমাদের প্রাপ্য জয় পেতে লিভারপুলে যেতে প্রস্তুত। আমাদের যদি একই ব্যক্তিত্ব, একই গতিশীলতা, আজকের মতো একই দৃঢ় সংকল্প বজায় রাখতে পারি, তাহলে নিশ্চিত যে, আমরা কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পারবো।'
