বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সক সংকট

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:০৪

স্বাস্থ্য মন্ত্রণালয় ২০১১ সালের ৭ ডিসেম্বর বানারীপাড়ায় ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেয়। কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সটি চলছে ৩১ শয্যার আদলেই। এখানে ১৭ জন চিকিত্সক থাকার কথা থাকলেও আছেন মাত্র চার জন। চিকিত্সক, কর্মকর্তা, নার্স-কর্মচারী, আয়া, সুইপারসহ জনবল স্বল্পতার কারণে স্বাস্থ্য সেবা কার্যক্রমের বেহাল অবস্থা।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এস এস কবীর হাসান জানান, বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একজন, আবাসিক মেডিক্যাল কর্মকর্তা একজন ও মেডিক্যাল কর্মকর্তা রয়েছেন একজন। আর চারটি জুনিয়র কনসালটেন্ট পদের মধ্যে তিনটি শূন্য। এদিকে গত এক বছর ধরে গাইনী বিশেষজ্ঞ না থাকায় সিজারিয়ান অপারেশনের রোগীদের ভোগান্তি হচ্ছে। এছাড়া উপজেলার আট ইউনিয়নের স্বাস্থ্য ক্লিনিকের মেডিক্যাল কর্মকর্তার পদ থাকলেও সাতটিই শূন্য রয়েছে। অপরদিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আওতায় চাখার ১০ শয্যার হাসপাতাল। জনবলসহ সবকিছু ঠিক থাকলেও এখানের অভিযোগ, ডাক্তাররা ঠিকমতো হাসপাতালে আসেন না। এ হাসপাতালটির স্বাস্থ্যগত অবস্থা আরো বেহাল।

বরিশাল স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আব্দুর রহিম গত মঙ্গলবার হাসপাতালটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, ছোট সমস্যাগুলো শিগগিরই সমাধান হবে। তবে এখানে মূল সমস্যা চিকিত্সক সংকট। আগামী দুই মাসের মধ্যে এ সমস্যা থাকবে না। সরকার ৫ হাজার ডাক্তারের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। এদের  নিয়োগ হলে ডাক্তার শূন্যতা থাকবে না।