ঘরের মাঠে চারদিনের ম্যাচে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জায় পড়েছিল বাংলাদেশ ‘এ’ দল। দুই ম্যাচের সিরিজটা ১-০ তে জিতে নিয়েছিল আফগানরা। একই প্রতিপক্ষের বিরুদ্ধে এবার ওয়ানডে সিরিজে মাঠে নামতে যাচ্ছে ‘এ’ দল। চট্টগ্রামে আজ শুরু হচ্ছে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান ‘এ’ দল। সকাল ৯টায় শুরু হবে ম্যাচটি।
‘এ’ দলের মোড়কে প্রায় জাতীয় দলই আজ আফগানদের বিরুদ্ধে নামিয়ে দিচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা সফরের জন্য বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পাওয়া চার ক্রিকেটার খেলতে পারেন আজকের ম্যাচে। এনামুল হক বিজয় ‘এ’ দলের সঙ্গেই ছিলেন। বিশ্বকাপ ফেরত রুবেল হোসেন, সাব্বির রহমান, মোহাম্মদ মিঠুনদেরও পাঠিয়ে দেওয়া হয়েছে চট্টগ্রামে। বিশ্বকাপে রুবেল-সাব্বির দুটি করে, মিঠুন তিনটি ম্যাচ খেলেছিলেন। শ্রীলঙ্কা যাওয়ার আগে ম্যাচ অনুশীলন এবং নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই তিন ক্রিকেটার।
