বাফুফে ইউনিসেফ নারী ফুটবল শুরু আগামীকাল

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:২০

বাফুফে এবং ইউনিসেফের উদ্যোগে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করতে অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। নির্ধারিত বিভিন্ন জেলায় খেলা শেষে এখন চূড়ান্ত বাছাই ঢাকায় হবে। আগামীকাল শনিবার কমলাপুর স্টেডিয়ামে বাছাই করা দলগুলোকে নিয়ে চূড়ান্ত পর্বের খেলা মাঠে গড়াবে। সেখানেও খেলোয়াড় বাছাই করার পরিকল্পনা রয়েছে বলে গতকাল বাফুফেতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়েছেন কর্মকর্তারা।

গত ২০ জুন দেশের ছয় ভেন্যুতে ৩৯ দল নিয়ে শুরু হয়েছিল বাফুফে ও ইউনিসেফ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের প্রাথমিক পর্ব। ছয় ভেন্যুর ছয় চ্যাম্পিয়ন এবং সেরা রানার্স আপ দল চূড়ান্ত পর্বে উঠেছে।

প্রাথমিক পর্যায়ে বাফুফের কোচরা গিয়ে তিনটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই করে। এখন যে চূড়ান্ত পর্ব হবে ঢাকায়, সেখানে দুটি ক্যাটাগরিতে খেলোয়াড় বাছাই হবে। কতজন খেলোয়াড় বাছাই করা হবে সেই সংখ্যাটা জানানো হয়নি। এখনো বাছাই-প্রক্রিয়া চলছে। বাফুফের মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান এবং ফিফার কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ কাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খুব বেশিসংখ্যক প্রশিক্ষণার্থীকে নেওয়া যাবে না। কারণ ১০০ বা ২০০ খেলোয়াড়ের আবাসনের ব্যবস্থা করা কঠিন। তিনি বলেন, ‘শুধু প্রশিক্ষণের ব্যাপারই নয়, এখানে খেলোয়াড়দের অন্যান্য খরচের ব্যাপারও রয়ে গেছে।’ চূড়ান্ত পর্বের খেলা শেষ হওয়ার পর বাছাইকৃতদের নিয়ে ঢাকার বাইরে দুই মাসের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। বাফুফের এই কর্মকর্তা জানিয়েছেন, শুধু ফুটবল প্রশিক্ষণই নয়। একই সঙ্গে এই খেলোয়াড়দের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, পারিবারিক বিষয় জ্ঞান দেওয়া, ক্যারিয়ার বিল্ডআপ করাসহ নানা ধরনের প্রশিক্ষণ দেওয়া হবে। খেলোয়াড়দের বাবা-মাকেও  প্রশিক্ষণ ক্যাম্পে আমন্ত্রণ জানানো হবে। ইউনিসেফের কমিউনিকেশন্স অফিসার ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, ‘ট্যালেন্ট হান্টের মাধ্যমে কিছু মেয়ে খেলোয়াড় তৈরি হবে। যারা জাতীয় দলেও জায়গা করে নিতে পারেন। শুধু তা-ই নয়, এতে অন্য মেয়েরা খেলায় আগ্রহী হবে। খেলা ছাড়াও সমাজের বিভিন্ন স্তরে মেয়েরা আরো এগিয়ে যাওয়ার প্রেরণা পাবে।’

চূড়ান্ত পর্বে ঠাঁই পাওয়া প্রত্যেক জেলা দলকে ২৫ হাজার টাকা দেওয়া হবে। চ্যাম্পিয়ন ৫০ হাজার রানার্স আপ ২৫ হাজার টাকা পাবে। ফাইনাল ২৭ জুলাই।

‘ক’ গ্রুপে ময়মনসিংহ, লালমনিরহাট, গোপালগঞ্জ, সেরা রানার্স আপ রাঙ্গামাটি। ‘খ’ গ্রুপে মাগুরা, খাগড়াছড়ি, রাজশাহী এবং সেরা রানার্স আপ নারায়ণগঞ্জ।