ওয়াসার এগার দুর্নীতি রোধে ১২ সুপারিশ

আপডেট : ১৮ জুলাই ২০১৯, ২১:২৮

ওয়াসায় ১১ পয়েন্টে দুর্নীতি হচ্ছে। এমন দুর্নীতির সম্ভাব্য উত্স চিহ্নিত করে তা নিরসনে ১২টি সুপারিশ প্রণয়ন করে ওয়াসার দুর্নীতি সংক্রান্ত একটি প্রতিবেদন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান মন্ত্রীর কাছে এই প্রতিবেদন জমা দেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ওয়াসার ১১টি পয়েন্টে দুর্নীতি হয় বা হতে পারে বলে আমরা চিহ্নিত করতে পেরেছি। তিনি জানান, এটা সরকারের অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতির ১৪তম প্রতিবেদন। মোট ২৫টি প্রতিষ্ঠানের ওপর প্রতিবেদন তৈরি করা হবে বলে জানান তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলাম দুর্নীতি দমন কমিশনের এ জাতীয় কার্যক্রমের প্রশংসা করে বলেন, দুর্নীতি দেশের অর্থনীতিসহ সকল প্রকার অগ্রযাত্রার প্রতিবন্ধক। তাই মন্ত্রণালয়ের কোনো স্তরেই দুর্নীতি বরদাশত করা হবে না। তিনি বলেন , কমিশনের এই প্রতিবেদন আমলে নিয়ে কর্মকর্তার  কোনো প্রকার গাফিলতি কিংবা শৈথিল্য আছে কি-না তা চিহ্নিত করা হবে এবং সে মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

দুদক কমিশনার বলেন, মিরপুরে ৫২১ কোটি টাকার একটি প্রকল্পে ৫২ কোটি টাকা অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। কাজের মান ও পরিমাপের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে যোগসূত্র করে এই অনিয়ম হয়েছে। ঢাকা মহানগর পানি সংগ্রহ প্রকল্পে ৫৫২ কোটি টাকা বেশি ব্যয় দেখানো হয়েছে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের কাজ ২০২০ সালের মধ্যে শেষ করার কথা থাকলেও এই কাজ সময়ের মধ্যে শেষ হওয়া সম্ভব না।

দুদকের তদন্তে দেখা গেছে, এই কাজগুলো ওয়াসার কর্মকর্তাদের পছন্দের ঠিকাদারকে দেওয়া হয়েছে বা এ সংক্রান্ত অভিযোগ রয়েছে। এছাড়া ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা ওভারটাইম না করেই বিল নেয়। তিনি জানান, ওয়াসার বার্ষিক প্রতিবেদন, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও দুদকের নিজস্ব অনুসন্ধানে এসব চিত্র উঠে এসেছে। দুদক এসব দুর্নীতি প্রতিরোধে ১২টি সুপারিশ করেছে।

দুদক কমিশনার বলেন, কমিশনের এ প্রতিবেদন কোনো বিশেষজ্ঞ মতামত সংবলিত প্রতিবেদন নয়, তবে এটি কমিশনের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিমের প্রতিবেদন। টিম বিভিন্ন উত্স থেকে প্রাপ্ত তথ্যাদি অ্যানালাইসিস করে এ প্রতিবেদনটি তৈরি করেছে।