ছুটির দিনে জমজমাট নিউমার্কেট, উপচে পড়া ভিড়

আপডেট : ২১ মার্চ ২০২৫, ১৯:৫৮

রমজান মাসের শেষ দশক চলে এসেছে, হাতের নাগালে ঈদুল ফিতর। রোজার মাঝামাঝি সময় থেকেই ভিড় বেড়েছে শপিংমলগুলোতে। তবে ছুটির দিনে ভিড়ের মাত্র বেড়ে যায় বহুগুণে। ছুটির দিনে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে নিউ মার্কেট এলাকায়। ঈদে প্রিয়জনের জন্য উপহার কিনতে শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের পোশাক, পাঞ্জাবি, পায়জামা এবং টিশার্টসহ অন্যান্য পোশাকের দোকানগুলোতে ভিড় করছেন ক্রেতারা।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নিউমার্কেট, সাইন্সল্যাব এবং এলিফ্যান্ট রোডে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে।

নিউমার্কেট এলাকা ঘুরে দেখা গেছে, নিউমার্কেটের প্রতিটি দোকানেই ঈদের কেনাকাটার ধুম লেগেছে। ঈদ উপলক্ষে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে পুরো এলাকার শপিং মল ও মার্কেটগুলোর প্রায় প্রতিটি দোকানেই। ক্রেতারা একে একে তাদের পছন্দের পণ্য বেছে নিচ্ছেন। উমার্কেটের মূল অংশে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে, তবে আশপাশের গাউছিয়া মার্কেট, নূর ম্যানশন মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেট, ঢাকা নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, নূরজাহান সুপার মার্কেট এবং গ্লোব শপিং সেন্টারের ভেতরেও জমজমাট বেচাকেনা চলছে। শুধু পোশাকের দোকানেই নয়, ভিড় রয়েছে নানা ধরনের গয়না, ঘর সাজানোর জিনিসপত্র, সুগন্ধি, পারফিউম এবং ডিজিটাল গ্যাজেটের দোকানগুলোতেও।

শুধু মার্কেটের ভেতরে নয়, ফুটপাতের ভাসমান দোকানগুলোতেও ঈদের বিভিন্ন পোশাকের ব্যাপক সমারোহ দেখা গেছে। বিভিন্ন পোশাক, স্টাইলিশ জামাকাপড়, জুতা, ব্যাগ এবং সাজসজ্জার নানা উপকরণে ভরপুর মার্কেটের বাইরের দোকানগুলো। পুরো এলাকা এবং মার্কেটে প্রচুর মানুষের ভিড়ের কারণে হাঁটতে হচ্ছে বেশ ধীরগতিতে। এছাড়া পোশাক, জুতা, গহনা, প্রসাধনী, খেলনা ইত্যাদি পণ্য কিনতে আসা ক্রেতারা সড়কে সড়কে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন।

এক ক্রেতা বলেন, কয়েকদিনের মধ্যে গ্রামে চলে যাবো। তাই সবার জন্য উপহার কিনতে এসেছি। শেষের দিকে কেনাকাটা করছি ভেবেছিলাম ভিড় একটু কমবে। তবে এসে দেখি ভিড় অনেক বেড়েছ। আর বেশি ভিড় দেখে দোকানিরা দাম বেশি চাইছেন। সবকিছুই দামাদামি করে কিনতে হচ্ছে।

নাহিদ সাব্বির নামে এক ক্রেতা জানান, অফিসের চাপ থাকে অন্যদিন, তাই আজকে কেনাকাটা করতে এসেছি। তবে ভিড় বেশি হওয়ার কারণে পোশাক যাচাই-বাছাই করা কঠিন, কিন্তু দাম বেশ সাশ্রয়ী মনে হচ্ছে।

আনোয়ার নামের এক ভাসমান বিক্রেতা বলেন, মার্কেটের তুলনায় আমাদের এখানের জিনিসপত্রের দাম কিছুটা কম। তাই মানুষ মার্কেটে ঘুরে আবার আমাদের কাছ থেকে পণ্য কিনছে। রোজার শুরু থেকেই ভালো বিক্রি হচ্ছে। আর গত শুক্রবারের তুলনায় আজকে ভিড় আরও বেশি।

নূরজাহান ম্যানশন মার্কেটের বিক্রেতা রবিউল বলেন, এবার ঈদে বিক্রি ভালো হচ্ছে, কিন্তু ভিড় একটু বেশি। তবে আমরা চেষ্টা করছি যাতে ক্রেতাদের কোনো সমস্যা না হয়।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন জানান, ভিড় নিয়ন্ত্রণে রয়েছে এবং কোন ধরনের উশৃঙ্খলা বা অপরাধ যেন না ঘটে, সেজন্য কঠোর নজরদারি চলছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নজর রাখছেন।

 

ইত্তেফাক/এমএএস