এইচ এম এরশাদের মৃত্যুর পাঁচ দিনের মাথায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছেন তার সহোদর জি এম কাদের। গত ৪ মে মধ্যরাতে সাংবাদিকদের বাসায় ডেকে এরশাদ লিখিতভাবে যেই ঘোষণা দিয়েছিলেন, সেটিরই আনুষ্ঠানিক বাস্তবায়ন শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার থেকে। গতকাল বনানীতে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এরশাদের দিয়ে যাওয়া সিদ্ধান্তের আলোকে বিষয়টি পুনরায় সবাইকে স্মরণ করিয়ে দেন জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা।
এরশাদ ৪ মে যেই লিখিত বক্তব্য পাঠ করেছিলেন তাতে তিনি বলেছিলেন, ‘আমার অবর্তমানে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব আমার ছোটো ভাই গোলাম মোহাম্মদ কাদের এমপি বর্তমান কো-চেয়ারম্যান, জাতীয় পার্টি পালন করবেন।’ ‘সাংগঠনিক নির্দেশ’ শিরোনামের ঐ চিঠিতে এরশাদ তখন তার অসুস্থতার কারণে জি এম কাদেরকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেন।
এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পাশাপাশি জি এম কাদের জাপার কো-চেয়ারম্যানের পদেও ছিলেন। এরশাদপত্নী ও সংসদের বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ জাপার সিনিয়র কো-চেয়ারম্যান। জি এম কাদের দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের আনুষ্ঠানিক ঘোষণার বিষয়ে জানতে চাইলে রওশন এরশাদ গতকাল বিকালে ইত্তেফাককে বলেন, ‘এ ব্যাপারে আমি কথা বলব। আমি চিন্তা করছি। চিন্তা করে তারপর আমার বক্তব্য সবাইকে জানাব।’
সংসদের বিরোধীদলীয় নেতা কে হবেন, সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে জাপা চেয়ারম্যান জি এম কাদের বলেন, দলের পার্লামেন্টারি পার্টিতে আলোচনার পর এ ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে। দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সংসদের স্পিকারকে জানিয়ে দেওয়া হবে। এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে দল কাকে মনোনয়ন দেবে, প্রশ্ন করা হলে তিনি বলেন, দলের গঠনতন্ত্র মোতাবেক দলীয় ফোরামে আলোচনা করেই প্রার্থী চূড়ান্ত করা হবে। দলের চেয়ারম্যান আরো বলেন, এরশাদ অসুস্থ থাকায় আমরা দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারিনি। দলকে শক্তিশালী করতে অচিরেই সারাদেশে সাংগঠনিক টিম কাজ শুরু করবে। মৃত্যুর আগে হাসপাতালে চিকিত্সাধীন থাকাবস্থায় সার্বক্ষণিক এরশাদের শারীরিক অবস্থার খোঁজ রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জি এম কাদের। এছাড়া সিএমএইচের চিকিত্সকদের, সশস্ত্র বাহিনী এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো নানা শ্রেণি-পেশার মানুষের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায়, এসএম ফয়সাল চিশতী, আজম খান, এটিইউ তাজ রহমান, মেজর (অব.) খালেদ আখতার, শফিকুল ইসলাম সেন্টু ও রেজাউল ইসলাম ভুঁইয়া প্রমুখ।
এদিকে দেশের বন্যা পরিস্থিতিতে দলের করণীয় নির্ধারণে আগামীকাল শনিবার সকাল ১০টায় বনানী কার্যালয়ে জাপার কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভা ডেকেছেন জি এম কাদের।
