ফেনীর সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে ইউনিয়নের চর হকদি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম লিটন (৪২)। তিনি বালিগাঁও গ্রামের হজু মেম্বারবাড়ির আবু তাহেরের ছেলে।
জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের হাজী বারেক মিয়ার বাড়ির পানু মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটনসহ চোর চক্রের তিনজন। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে গেলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে বাড়ির লোকজনকে মারধর করে দুজন পালিয়ে গেলেও লিটনকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে গণপিটুনি দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ‘নিহত লিটন ১৫-১৬ বছর ধরে চট্টগ্রামে বসবাস করছেন বলে জানতে পেরেছি। তিন বছর আগেও চুরির দায়ে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেছিল। রাতে চুরির অভিযোগে স্থানীয় লোকজনের পিটুনিতে তার মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।’
