দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর বগুড়ার শেরপুর-ভবানীপুর সরকারি সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন।
শনিবার (২২ মার্চ) বিকেল ৪টায় ঐ সড়কের শেরুয়া বটতালা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল। এ সময় আরও উপস্থিত ছিলেন, শেরপুর উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সহকারী প্রকৌশলী আব্দুর রশিদ, শেরপুর থানা উপ-পরিদর্শক তোফাজ্জল হোসেন, শাহ-বন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম বলেন, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালাচ্ছি। সব অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা আকবর, আনোয়ার, রমজান আলী ড্রাইভার বলেন, রাস্তা প্রশস্ত হলে যানজট কমবে, তাই এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি দৈনিক ইত্তেফাকে “শেরপুর-ভবানীপুর সড়ক, ফুটপাতে দোকানপাট সড়কে হাঁটছে মানুষ” শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এর পর উপজেলা মাসিক সমন্বয় কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্তের পর উপজেলা প্রশাসন ঐ সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন।
