সম্প্রতি অনুষ্ঠিত হওয়া জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে মাঠ পর্যায়ের প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের রাজস্ব সংশ্লিষ্ট কার্যক্রমে সম্পৃক্ত হতে চাওয়ার প্রস্তাবে তীব্র আপত্তি জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তারা। ডিসিদের এ ধরনের প্রস্তাবকে দুরভিসন্ধিমূলক আখ্যা দিয়ে অন্যান্য পেশাভিত্তিক প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর ‘অবৈধ’ ও ‘এখতিয়ারবহির্ভূত’ হস্তক্ষেপ বলে মন্তব্য করেছে ট্যাক্সেশন ও কাস্টমস অ্যাসোসিয়েশন। গতকাল সংগঠন দুইটির এক যৌথ বিবৃতিতে বলা হয়, এর মাধ্যমে জাতীয় রাজস্ব আহরণ কার্যক্রমে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এনবিআরে অস্থিরতা সৃষ্টি করার এ অপতত্পরতার মূল উদ্দেশ্য খতিয়ে দেখারও দাবি জানায় দুই অ্যাসোসিয়েশন।
বিবৃতিতে বলা হয়, পেশাদারিত্বের বিপরীতে অবস্থান গ্রহণকারী প্রশাসন ক্যাডার তাদের ওপর ন্যস্ত ভূমি রাজস্ব আহরণের ক্ষেত্রে কতটা পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে, তা বিবেচনায় আনা প্রয়োজন। ভূমি ব্যবস্থাপনা এবং এর বিপরীতে রাজস্ব আহরণের যে অব্যবস্থাপনা বিরাজ করছে, তাতে মনোনিবেশ না করে আরো নতুন দায়িত্ব পাওয়ার দাবি করাটা উদ্দেশ্যমূলক। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজস্ব সংস্থানকারী দুইটি ক্যাডারের কর্মকর্তাদের মনোবল বিনষ্টকারী এ ধরনের কার্মকাণ্ড সার্বিক উন্নয়ন কার্যক্রমকে ব্যাহত করবে। দেশের অকল্যাণকর এ ধরনের কর্মকাণ্ড থেকে মাঠ পর্যায়ের প্রশাসন ক্যাডারদের বিরত থাকতে সরকারের নীতি-নির্ধারণী মহলের কাছে দাবি জানিয়েছে সংগঠন দুইটি।
