রাজধানীর রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় হওয়া বিস্ফোরক আইনের মামলায় একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক প্রশাসনিক কর্মকর্তা নির্মল কান্তি বড়ুয়াসহ দুই জনের সাক্ষ্য গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। অপর সাক্ষী হলেন- ইটিভির সাংবাদিক রাসেল হাওলাদার। গতকাল বৃহস্পতিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করেন। এরপর আদালত আগামী ১ আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করে। এ নিয়ে মামলাটিতে চার্জশিটভুক্ত ৮৪ সাক্ষীর মধ্যে ৩৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ১৭ জুন আলাউদ্দিন খান নামে এক ব্যক্তি এ মামলায় সর্বশেষ সাক্ষ্য দেন। এরপর থেকে আর কোনো সাক্ষী ট্রাইব্যুনালে হাজির হননি। এমন পরিস্থিতিতে গত ২৫ এপ্রিল এ দুই সাক্ষীসহ মোট ১৩ সাক্ষীর বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
প্রসঙ্গত, ২০০১ সালের ১৪ এপ্রিল ছায়ানটের বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও বহু মানুষ আহত হন। এই ঘটনায় দায়ের হওয়া হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় ঘোষণা করে আদালত। রায়ে মুফতি হান্নানসহ আট জনের মৃত্যুদণ্ড এবং ছয় জনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া বিস্ফোরক আইনের দায়ের করা মামলায় ২০০৮ সালের ৩০ নভেম্বর ১৪ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে সিআইডি। এরপর ২০০৯ সালের ১৬ এপ্রিল মামলাটিতে আদালত অভিযোগ গঠন করেন। এই মামলাতেও একই সংখ্যক আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
