দেশের প্রতি ইঞ্চি জমি বিদেশিমুক্ত করব : অমিত শাহ

আপডেট : ১৯ জুলাই ২০১৯, ০০:১৭

ভারতের প্রতি ইঞ্চি জমি বিদেশিমুক্ত করার ঘোষণা দিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, আসামে বিদেশিদের চিহ্নিত করতে জাতীয় নাগরিক পঞ্জির (এনআরসি) কাজ হচ্ছে আসাম চুক্তি অনুসারে। গতকাল রাজ্যসভায় এসব কথা বলেন অমিত শাহ।

রাজ্যসভায় সমাজবাদী পার্টির সদস্য জাভেদ আলি খান গতকাল জানতে চেয়েছিলেন, আসামের পরে দেশের বাকি রাজ্যগুলোতেও কি জাতীয় নাগরিক পঞ্জি তৈরি হবে? এরই জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এটা খুবই ভাল প্রশ্ন। আসামের এনআরসি আসাম চুক্তির অঙ্গ। তবে বিজেপির নির্বাচনী ইশতেহারেও এর কথা রয়েছে। এর ভিত্তিতেই এই সরকার নির্বাচিত হয়ে এসেছে। দেশের প্রতি ইঞ্চি জমি থেকে অবৈধভাবে বসবাসকারী অনুপ্রবেশকারীদের খুঁজে বের করবে সরকার। আন্ত্মর্জাতিক আইন অনুসারে তাদের ফেরত পাঠাবে। কেবল একটি মাত্র রাজ্যে এনআরসি তৈরি করতে গিয়েই হিমশিম খেতে হচ্ছে। গোটা দেশে সেই প্রক্রিয়া চালু করতে গেলে কী পরিস্থিতি তৈরি হতে পারে তা নিয়ে আশঙ্কা বাড়িয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণা। সুপ্রিম কোর্টের তদারকিতে আসামে এনআরসি চূড়ান্ত্ম করার কাজ চলছে। শীর্ষ আদালতের নির্দেশ, ৩১ জুলাইয়ের মধ্যে তা শেষ করতে হবে। কিন্তু কাজ যে ঠিকঠাকভাবে এগোচ্ছে না, প্রকৃত নাগরিকেরা বাদ পড়ছেন, কার্যত তা স্বীকার করে নিয়েই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই গতকাল জানান, কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় ও আসাম সরকার উভয়েই শীর্ষ আদালতে আর্জি রেখেছে, বাংলাদেশ সীমান্ত্মবর্তী জেলাতে ২০ শতাংশ ও বাকি জেলাতে ১০ শতাংশ এনআরসি তথ্য যাচাই করতে দেওয়া হোক। - আনন্দবাজার পত্রিকা