কুড়িগ্রাম উলিপুরের প্রত্যন্ত গ্রাম নাওডাঙ্গা। সেই গ্রামের বাসিন্দা জাফর সাদিক পেশায় একজন স্কুল শিক্ষক। তবে প্রতিবছর জমি বর্গা নিয়ে কৃষি কাজ করেন তিনি। এবারও জমি বর্গা নিয়েছেন। আর ধানক্ষেতে ধানের চারায় এঁকেছেন বাংলাদেশের মানচিত্র।
ধানক্ষেতে চারাগাছ দিয়ে মানচিত্র এঁকে দেশাত্মবোধের এক অনন্য দৃষ্টান্ত তৈরি করেছেন জাফর সাদিক।জাফর সাদিক উলিপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জানা গেছে, ধানক্ষেতে বাংলাদেশের মানচিত্রের আদলে চারা রোপন করলে তা আস্তে আস্তে মানচিত্রের আকার ধারণ করে দৃশ্যমান হয়ে উঠে। যা এলাকার মানুষের নজর কেড়েছে। ধানক্ষেতে মানচিত্র দৃশ্যমানের ঘটনাটি উপজেলার নাওডাঙ্গা গ্রামের উলিপুর-নাজিমখান সড়ক সংলগ্ন এলাকায়।
সোমবার (২৪ মার্চ) সকালে ওই গ্রামে গিয়ে কথা হয়, স্কুল শিক্ষক জাফর সাদিকের সাথে। তিনি জানান, কৃষি আমার পেশা না হলেও আমি প্রতিবছর নিজস্ব এবং জমি বর্গা নিয়ে চাষাবাদ করি। চলতি মৌসুমে ১ একর ৫০ শতক জমিতে ব্রি-১০৮ জাতের ধানের চার রোপন করেছি। বেগুনী জাতের চারা দিয়ে মানচিত্র ফুটে তোলার চেষ্টা করেছি। স্কুল জীবন থেকে দেশের স্বাধীনতা, দেশের মানুষের প্রতি একটা মায়া,সম্মান অনুভব করি। এ অনুভূতি থেকে প্রতিবছর ধান ক্ষেতে মুক্তিযুদ্ধ, মানচিত্র ফুটে তোলা চেষ্টা করি। যা দেখে প্রতিটি মানুষ, বিশেষ করে স্কুল, কলেজের শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে পারে।
