উপকূলীয় ও নদীপথে নিরাপত্তায় বিশেষ টহল দিচ্ছে কোস্টগার্ড

আপডেট : ২৫ মার্চ ২০২৫, ২৩:৩৫

আসন্ন ঈদে উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সাধারণ মানুষের চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে কোস্ট গার্ড। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তায় নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী। কোস্ট গার্ডের ঢাকা, ভোলা, চট্টগ্রাম ও মোংলা জোনের বিভিন্ন এলাকার লঞ্চঘাট, খেয়াঘাট ও ফেরিঘাটে ঈদ উপলক্ষে নিরাপত্তা দিতে বিশেষ টহল দিচ্ছে। 

এসময় জনসচেতনতা মূলক মাইকিং, লিফলেট বিতরণ, সন্দেহজনক ব্যক্তি, বোট ও নৌযানে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়া যাত্রীদের ব্যাগ স্ক্যানসহ হ্যান্ড মেটাল ডিক্টেটর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার রাজধানীর সদরঘাটে কোস্টগার্ডের এক নিরাপত্তা মহড়ায় এসব তথ্য দেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। এসময় পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম উপস্থিত ছিলেন।

কোস্ট গার্ড জানায়, ঢাকার বুড়িগঙ্গা নদী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী, মুন্সিগঞ্জের গজারিয়া ও বরিশালের মেঘনা নদীসহ ঢাকা-চাঁদপুর-বরিশাল-পটুয়াখালী-ভোলা নৌ রুটে চলাচলকারী যাত্রীবাহী জাহাজসমূহের নিরাপত্তা দিতে বিশেষ টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে চট্টগ্রামের সদর ঘাট, বাংলা বাজার ঘাট, কর্ণফুলী ঘাট ও কুমিড়া ঘাট, কক্সবাজার ৬নং ঘাট, আদিনাথ মন্দির ঘাট ও বড়ঘোপ ঘাট, খুলনার রূপসা, কয়রা ও নলিয়ান ঘাট মোংলার শরণখোলা ও কৈখালী লঞ্চঘাট, খেয়া ঘাট, ভোলার ইলিশা ও ভেদুরিয়া লঞ্চ ঘাট, পটুয়াখালী লঞ্চ ঘাট এবং বরিশালের ডিসি লঞ্চ ঘাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘাট এলাকাগুলোতে বিশেষ টহল ঈদ পরবর্তী সাধারণ মানুষের কর্মস্থলে ফেরার সময় পর্যন্ত অব্যাহত থাকবে। 

পাগলা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম বলেন, উপকূলীয় ও নদী পথে দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড সংগঠিত করতে না পারে তার জন্য তৎপর রয়েছে কোস্ট গার্ডের প্রতিটি সদস্য। ঈদ পরবর্তী যাত্রীসাধারণের নৌ যাত্রা নিরাপদ রাখতে টহল কার্যক্রম চলমান থাকবে।

ইত্তেফাক/এমএএম