কুমিল্লার তিতাসে বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণের ঘটনায় দলটির আরও তিন নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার (২৯ মার্চ) রাতে কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার ও সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সির যৌথ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
নতুন করে কারণ দর্শানোর নোটিশ প্রাপ্তরা হলেন, তিতাস উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম সরকার ও গোলাম মহিউদ্দিন জিলানী এবং আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী।
ওই চিঠি সূত্রে জানা গেছে, গত ২২ মার্চ উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইতফার ও দোয়া মাহফিল মানিককান্দি গ্রামে অনুষ্ঠিত হয়। ওই ইফতার মাহফিলে বিএনপির নেতৃবৃন্দের সাথে প্রথম সারিতে বসে আওয়ামী লীগের কয়েকজন চিহ্নিত নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হওয়ায় এলাকায় সমালোচনার ঝড় ওঠে। দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না ৩ কার্যদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয় এবং সাংগঠনিক সকল কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
কারণ দর্শানো নোটিশ প্রাপ্তদের মধ্যে ওই ইতফার মাহফিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলম সরকার প্রধান অতিথি এবং যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন জিলানী ও সদস্য মোহাম্মদ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এদিকে, একই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকা ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল ইসলাম খোকাকে গত ২৬ মার্চ কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপির ইফতার মাহফিলে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়ায় উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপির চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মাহজারুল ইসলাম খোকার জবাব দেওয়ার সময় পেরিয়ে গেলেও তিনি চিঠির জবাব দেয়নি।
