সুনামগঞ্জের শান্তিগঞ্জে খাস জমিতে ধান শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) সকালে জেলার শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতরা সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
সংঘর্ষে আহতরা হলেন- মুহিবুর রহমান মানিল, জোনাক আহমদ, সহিন নুর, শাহীন রহমান, শামীম আহমদ, শাহার মিয়া, কামাল হোসেন, সেজু মিয়া, হুমায়ুন রশিদ, তারেকুল ইসলাম, হেলন মিয়া, তরমুজ আল, শাহ আলম, বদরুল ইসলাম, দুলাল আহমেদ, মকসুদ আলী, শফিক আলী, আইয়ুবর রহমান।
এই সংঘর্ষের একটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, রঘুনাথপুর গ্রামের দুই পক্ষের মধ্যে অন্তত ২০ গজের মতো দূরত্ব থেকে একদল অপরকে ইট-পাটকেল ছুঁড়ে মারছে। অপরপক্ষ ঢাল দিয়ে তা প্রতিহত করছে। দুপক্ষের লোকজনের হাতেই বাঁশ ও লাঠিসোঁটা ছিল। ধাওয়া পাল্টা ধাওয়ায় এক পক্ষ অন্যপক্ষকে আক্রমণ করছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, গ্রামের স্থানীয় বাসিন্দা মুক্তার আলী ও শাহ আলম-হাবিব মিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এর মধ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রঘুনাথপুর গ্রামে ধান শুকানোর জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুইপক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, সকালে রঘুনাথপুর মসজিদের সামনে ধান শুকানোর জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
