ধলেশ্বরী নদীতে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ১৬ সদস্য আটক

আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ১৭:৪৬

ঢাকার কেরানীগঞ্জ ও মুন্সিগঞ্জের সিরাজদিখান সীমান্তবর্তী ধলেশ্বরী নদীতে ট্রলারে দেশীয় অস্ত্রসহ মহড়া দিয়ে অশ্লীল নৃত্য ও উচ্চ শব্দে গান বাজানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটকরা 'ডেঞ্জার গ্যাং' এর সদস্য বলে জানা গেছে।

 

বুধবার (৩ এপ্রিল) বিকেল থেকে রাত পর্যন্ত সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের টহল দল ঢাকা-নবাবগঞ্জ মহাসড়কের তুলশীখালী সেতুর নিচে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নবাবগঞ্জের দৌলতপুর এলাকা থেকে আরও ২ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্র


এ সময় তাদের কাছ থেকে আটটি রামদা, সাতটি কুড়াল, ছুরি, হকিস্টিক এবং লোহার পাইপ উদ্ধার করা হয়।

 

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে ট্রলারে উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন এবং অশ্লীল নৃত্য পরিবেশন করছিল। সেনাবাহিনীর টহল দল তাদের ধাওয়া করলে তারা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এরপর সেনাবাহিনী ট্রলারটি নিয়ন্ত্রণে নিয়ে তল্লাশি চালিয়ে তাদের আটক করে।

পরে আটককৃতদের তথ্যের ভিত্তিতে আরও দুই গ্যাং লিডারকে আটক করা হয় এবং কেরানীগঞ্জ থানার পুলিশ তাদের কাছে হস্তান্তর করে।

 

স্থানীয়রা জানান, ঈদের দিন থেকে কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে ট্রলারযোগে তুলশীখালী সেতুর আশেপাশে নদীতে দেশীয় অস্ত্র উঁচিয়ে মহড়া দিচ্ছিল এবং অশ্লীল নৃত্য পরিবেশন করছিল। এ ব্যাপারে সেনাবাহিনীকে জানালে তারা অভিযান চালিয়ে তাদের আটক করে। 


রমিজ সরদার নামে একজন স্থানীয় বাসিন্দা জানান, বিশেষ করে ঈদের ছুটিতে এই ধরনের ঘটনা প্রায়ই ঘটে থাকে। এবারের অভিযানটি প্রথম এবং তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি বলেন, "এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো উচিত।"

 

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাব আল হোসাইন জানান, সেনাবাহিনীর সহায়তায় ১৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/আইএ