শেরপুর সদর উপজেলায় আলম মোল্লা নামের এক কৃষকের ক্ষেতের প্রায় ৩ হাজার সবজিগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ঋণ নিয়ে সবজি চাষ করা ওই কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
বুধবার (২ এপ্রিল) রাতে জঙ্গলদি দক্ষিণপাড়ায় গ্রামের প্রায় ২৫ শতাংশ জমি জুড়ে থাকা এসব সবজি গাছ কেটে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন আলম মোল্লা।
আলম মোল্লা ওই গ্রামের কৃষক আরশাদ আলীর ছেলে।
ভুক্তভোগী আলম মোল্লা বলেন, আমি এক বিঘা জমিতে জিঙ্গা, বরবটি ও ধুন্দল ফসল করেছিলাম। বুধবার রাতে কে বা কারা প্রায় ৩ হাজার গাছ কেটে দিয়েছে। এক লাখ টাকা খরচ করে চাষ করেছিলাম। গাছগুলো ফসলও ভালো ছিল। এখন বিক্রি করে কমপক্ষে ৪ লাখ টাকা বিক্রি করতে পারতাম।
ঘটনার বিচার দাবি করে ভুক্তভোগী এ কৃষক জানান অজ্ঞাতনামাদের আসামি করে তিনি আইনগত ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে শেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবির বলেন, ফসল কেটে ক্ষতির বিষয়টি খুবই দুঃখজনক। এ ধরনের ঘটনা শেরপুরে প্রায়ই ঘটছে। ঈদের ছুটি শেষে অফিস খোলার পর ওই ক্ষতিগ্রস্ত কৃষকের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

