ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ওয়ারীতে ৭ বছরের শিশু সায়মাকে ধর্ষণের পর হত্যায় জড়িত হারুন উর রশিদের ফাঁসি চেয়ে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। শিশু ধর্ষণ ও হত্যার বিচারের পাশাপাশি ধর্ষণ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের কাছে দাবি জানান বক্তারা। নিহতের বাবা নারী ও শিশু নির্যাতন আইন সংশোধন করে ধর্ষণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান যুক্ত করার প্রস্তাব করেন। বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে ধর্ষণের বিচার শেষ করা, সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্কুল-কলেজে শিক্ষার্থীদের ধর্ষণ প্রতিরোধ ও প্রতিকারমূলক শিক্ষা চালুরও দাবি জানান তিনি।
মানববন্ধনে ওয়ারীর বাসিন্দা মো. মিজানুর রহমানের পরিচালনায় অন্যদের মধ্যে স্থানীয় আরমানুল হক রনি, শহিদুল আল মামুন, আবু বকর চৌধুরীসহ আরো অনেকে বক্তব্য দেন।
