প্রয়াত বিএনপি নেতার পরিবারের পাশে তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার সায়েম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৩:১৭

নোয়াখালীতে প্রয়াত বিএনপি নেতা রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। দলীয় নেতাকর্মীসহ মরহুমের পশ্চিম মাইজদীর শান্তিনগরের বাসায় যান তিনি।

রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পরলোক গমন করেন রফিকুল ইসলাম। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে যান তিনি। তার বয়স ছিল ৬৫। রফিকুল ইসলাম নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন।

ব্যারিস্টার সায়েম মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তারেক রহমানের পক্ষ থেকে তাদের প্রতি সমবেদনা জানান। সব প্রয়োজনে বিএনপি তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি প্রদান করেন ব্যারিস্টার সায়েম।

ইত্তেফাক/এনএন