বংশালে ফার্নিচারের দোকানে আগুন, নিহত ১

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৩

রাজধানী ঢাকার বংশাল থানাধীন নাজিমুদ্দিন রোডে একটি ফার্নিচারের দোকানে আগুনের ঘটনা ঘটে। এ সময় আমিন উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় নারী ও শিশুসহ আরও ১৮ জন অসুস্থ হয়ে পড়ার খবর পাওয়া গেছে।

সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে নাজিমুদ্দিন রোডের মাকরোশা মাজার এলাকায় পাঁচতলা ভবনের নিচে একটি ফার্নিচারের দোকানে দুর্ঘটনা। সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের পাঁচটি ও লালবাগের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আহতরা হলেন, শাকিব (২২), মমতাজ (৫৫), বুলবুল (৩৭), শিল্পী (৪২), তালহান (০৪), ইকবাল (৪৭) ও মুশফিকা (২৫)। পরে তাদেরকে ভোর সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সোমবার ভোরের দিকে আগুনের ধোঁয়ায় আহত অবস্থায় নারী ও শিশুসহ আট জনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে আনা হয়েছে। এদের মধ্যে জরুরি বিভাগের চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর সাতজন ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ইত্তেফাক/এপি