যশোর অফিস
বিশটি পিলার, ইটের গাঁথুনি, কাঠের দরজা-জানালা, পরিবেশবান্ধব রঙিন টিনের ছাউনি, দুই কক্ষের বাড়ি এবং সঙ্গে আছে একটি করে রান্নাঘর ও স্যানিটারি ল্যাট্রিন। দুর্যোগ প্রতিরোধী এমন বাড়ি সম্পূর্ণ বিনামূল্যে নির্মাণ করে দিচ্ছে সরকার। প্রত্যেকটি বাড়ি নির্মাণে সরকারের খরচ ২ লাখ ৫৮ হাজার টাকার বেশি। কমপক্ষে ৪০০ বর্গফুট জমি আছে এমন দরিদ্র পরিবারের জন্য এ বাড়ি। প্রথমধাপে যশোরের আট উপজেলার ১৭৬টি পরিবারকে দেওয়া হয়েছে এমন বাড়ি। জেলায় পরবর্তী ধাপে আরো ৮০০ পরিবার বিনামূল্যে পাবে এই বাড়ি। প্রকল্পটি বাস্তবায়ন করছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, গত অর্থবছরে(২০১৮-১৯) সরকার প্রথমবারের মতো দুর্যোগ প্রতিরোধী গৃহ নির্মাণের প্রকল্প হাতে নেয়। সেই হিসেবে যশোর জেলায় ১৭৬টি পরিবার পেয়েছে বাড়ি। পরবর্তী কালে আরো বরাদ্দ পাওয়া যাবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী যশোর জেলায় মোট ১ হাজার পরিবার এ বাড়ি পাবে।
তিনি বলেন, দরিদ্র গৃহহীন পরিবারে কমপক্ষে ৪০০ বর্গফুট পরিমাপ অথবা ওই পরিমাণ জমি দান, লিজ অথবা স্থানীয় প্রশাসন কর্তৃক প্রাপ্ত হয়ে থাকলে বাড়ি পাবে। তবে জমির সংস্থান সাপেক্ষ গৃহহীন, অসচ্ছল মুক্তিযোদ্ধা পরিবার, নদীভাঙনসহ বিভিন্ন দুর্যোগে গৃহহীন পরিবার, বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা, প্রতিবন্ধী ব্যক্তি, তৃতীয় লিঙ্গ, বেদে, বাউল, আদিবাসীসহ ক্ষুদ্র-নৃগোষ্ঠী অগ্রাধিকার পাবে।
তিনি আরো বলেন, উপকারভোগীর তালিকা উপজেলা কমিটির মাধ্যমে সরেজমিনে প্রস্তুত করা হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপকারভোগীদের অনুমোদিত তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠান। পিআইসি গঠনের ৩০ দিনের মধ্যে অনুমোদিত নকশা ও প্রাক্কলন অনুযায়ী নির্মাণকাজ সম্পন্ন করতে হয়। এটা মন্ত্রণালয়ের নীতিমালা। এর আলোকে প্রকল্প বাস্তবায়ন হয়েছে।
